বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের প্রতিনিধিরা এখন ঢাকায়
তৈরি পোশাকের রপ্তানি ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যেতে চায় বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি (বিজিএমইএ)। এই লক্ষ্য অর্জনের জন্য একটি টেকসই পরিকল্পনা প্রণয়ন করতে আজ রোববার শুরু হচ্ছে ‘ঢাকা অ্যাপারেল সামিট’।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করছে। এতে সহযোগিতা করছে ব্র্যান্ড ফোরাম।
সম্মেলনের প্রথম দুই দিন থাকছে বিভিন্ন বিষয়ের ওপর নয়টি সেমিনার। এর মধ্যে আজ তিনটি সেমিনার। এতে দেশের কয়েকজন মন্ত্রী, বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, পোশাকশিল্পের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শ্রম অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া আজ থেকে তিন দিনব্যাপী ভবন ও অগ্নিনিরাপত্তার সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি প্রদর্শনীটির আয়োজন করছে।
মঙ্গলবার মানসম্মত কারখানাগুলোর মধ্য থেকে সেরাদের সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সসেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। ওই দিনই আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) আন্তর্জাতিক পণ্য নিরাপত্তা ও পরিবেশ নিয়ে একটি সম্মেলন করবে। কাল সোমবার পোশাকশ্রমিকদের নিয়ে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গর্ব-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের বিস্তারিত জানাতে গতকাল শনিবার বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, সামিটে অংশ নিতে ইউরোপের ৪৪ ও আমেরিকার ২১ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। গত শুক্রবার পর্যন্ত সেমিনারে অংশ নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের দুই হাজার ২০০ প্রতিনিধি অনলাইনে নিবন্ধন করেছেন।
এদিকে সম্প্রতি সরকারের একজন মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এতে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘না। নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। ক্রেতা ও খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠানের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি।’
পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বাংলাদেশের ব্র্যান্ডিং করা এই সামিটের উদ্দেশ্য। তবে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এখনো পুরো ক্ষতিপূরণ বুঝে পাননি। বিজিএমইএ থেকেও ক্ষতিপূরণের পুরো অর্থ দেওয়া হয়নি। সে ক্ষেত্রে ব্র্যান্ডিং কতটা সফল হবে, এক সাংবাদিক এই প্রশ্ন করলে আতিকুল ইসলাম বলেন, ‘ক্ষতিপূরণের জন্য দুই কোটি ২০ ডলার জমা পড়েছে। আইএলও ২১ ডিসেম্বরের মধ্যে এই অর্থ ছাড় করবে বলে জানিয়েছে। তবে সামিটের আগে এটি করা গেলে ভালো হতো।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘রানা প্লাজা ধসের পর শ্রমিকদের বেতন-ভাতা ও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সাড়ে ১৫ কোটি টাকা খরচ করেছি। তাৎক্ষণিকভাবে আমরা গুরুত্ব বিবেচনা করে যা যা করা দরকার তাই করেছি। ফলে এই অর্থ অনুদান নাকি ক্ষতিপূরণ সেটি নিয়ে আমরা বির্তক করতে চাই না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শহিদউল্লাহ আজিম, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী ও এস এম মান্নান, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।