বিদেশি শিল্পী-খেলোয়াড়দের কর দিয়েই দেশে ফিরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল গতকাল শুক্রবার বাংলাদেশে এসেছেন। সন্ধ্যায় বে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল নাইট’ অনুষ্ঠানে গান গেয়েছেন। এ জন্য তিনি সম্মানীও হয়তো পাবেন। কিন্তু শ্রেয়া ঘোষালের মতো বিদেশি শিল্পীদের ওপর চোখ থাকবে কর কর্মকর্তাদের।
বিদেশি শিল্পীদের সম্মানী দেওয়ার আগেই কর কেটে রাখা হবে। যে প্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করবে, সেই প্রতিষ্ঠানই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে উৎসে কর কেটে রাখবে। কেননা, বিদেশি চলে গেলে তাঁর আয়ের ওপর আর কর কেটে রাখা সম্ভব নয়।
হরহামেশাই বিদেশ থেকে সংগীতশিল্পীরা বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। বাংলা সিনেমায় অভিনয় করেন বিদেশি অভিনেতা-অভিনেত্রীরা। আর বিশ্বের নামীদামি খেলোয়াড় ছাড়া তো ক্রিকেট লিগ জমেই না। ফুটবল লিগেও আসেন বিদেশি খেলোয়াড়েরা।
তাঁদের ওপরও বিভিন্ন হারে করের খড়্গ নামছে। যে দল বিদেশি খেলোয়াড় আনবে, সেই দলই ৩০ শতাংশ কর কেটে রেখে ওই খেলোয়াড়কে সম্মানী দেবে। একইভাবে বিদেশি অভিনেতা-অভিনেত্রীর সম্মানীতে একই হারে কর কাটবেন সিনেমার প্রযোজক। সব ধরনের শিল্পীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।

বিদেশি অভিনেতা-অভিনেত্রী ও খেলোয়াড়কে, হিসাব ও কর পরামর্শক প্রতিষ্ঠান, প্রাক-জাহাজীকরণ পরিদর্শন সেবা প্রতিষ্ঠানকে ৩০%; ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, স্যাটেলাইট ভাড়া, এয়ারটাইম মাশুল, তরঙ্গ ভাড়ায় ২০%; কুরিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতাকে ১৫% কর দিতে হবে

নিজের পণ্যের বিজ্ঞাপন তৈরি করবেন, দেশের কাউকে পছন্দ হচ্ছে না। বিদেশি নির্মাতা খুঁজছেন। মনে রাখবেন, ১৫ শতাংশ কর কেটে রেখে তাঁদের সম্মানী দিতে হবে। বিদেশি স্যাটেলাইট ভাড়া, এয়ারটাইম মাশুল, তরঙ্গ ভাড়ার অর্থ দেওয়ার সময়ও ২০ শতাংশ কর কেটে রাখতে হবে।
বিদেশি পেশাদার ব্যক্তি নিজের বাড়ি কিংবা প্রতিষ্ঠানের নকশা, ইন্টেরিয়র নকশা ও ল্যান্ডস্কেপ নকশা করাবেন, কিন্তু তাঁদের (বিদেশি) বিল পরিশোধের আগে ৩০ শতাংশ কর কেটে রেখে বিল পরিশোধ করতে হবে।
মামলা পরিচালনার জন্য বিদেশ থেকে আইনজীবী আনবেন। ওই আইনজীবীকে সম্মানী দেওয়ার আগে নিয়োগদাতাকে ২০ শতাংশ কেটে রাখতে হবে। বিদেশিদের কাছে পরামর্শ নেবেন, তাতেও করের হাত এগিয়ে আসবে। তাঁদের সম্মানী থেকে ৩০ শতাংশ কর কেটে রাখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ ছাড়া যেসব বিদেশি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, তাঁদের বেতনের ওপর উৎসে কর বসবে ৩০ শতাংশ। এমনকি বিদেশি প্রতিষ্ঠানের লভ্যাংশের ওপরও ২০ শতাংশ কর বসবে।
এ ছাড়া বিদেশি পেশাদার প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন হারে উৎসে কর বসছে। সব মিলিয়ে ২৫ ধরনের বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে উৎসে কর কেটে রাখতে হবে। বাংলাদেশে পরিচালিত হচ্ছে এমন হিসাব ও কর পরামর্শক প্রতিষ্ঠান ৩০ শতাংশ, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ২০ শতাংশ, পেশাদারি প্রতিষ্ঠান ২০ শতাংশ, প্রাক-জাহাজীকরণ পরিদর্শন সেবা প্রতিষ্ঠান ৩০ শতাংশ এবং কুরিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ করারোপ হবে।
এ ছাড়া টার্নকি চুক্তিসহ সব নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান, তেল-গ্যাস অনুসন্ধান বা উত্তোলন-সংক্রান্ত কূপ খননকারী প্রতিষ্ঠান ও জরিপকারী প্রতিষ্ঠানকেও উৎসে করের আওতায় আনা হয়েছে।