বিদেশি শিল্পীদের সম্মানীর বিপরীতে আয়কর আদায়ে নজরদারি বাড়ছে
এ দেশে অনুষ্ঠান করতে আসা বিদেশি শিল্পীরা সঠিকভাবে কর দিচ্ছেন কি না, সে বিষয়ে নজরদারি বাড়ানো হচ্ছে। অন্যদিকে, গত বছরের ২৮ মার্চ থেকে চলতি বছরের ৮ এপ্রিল পর্যন্ত সময়ে এসব শিল্পীর সম্মানীর বিপরীতে প্রায় এক কোটি টাকা আয়কর পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানত ভারত থেকে কণ্ঠশিল্পী, অভিনেত্রী, মডেলসহ বিভিন্ন ধরনের শিল্পী এনে অনুষ্ঠানের আয়োজন করে। কোনো অনুষ্ঠান বাণিজ্যিক ভিত্তিতে আবার কোনোটা বাণিজ্যিক ভিত্তিতে হয় না।বিদেশ থেকে আসা এসব শিল্পীকে মোটা অঙ্কের অর্থ সম্মানী হিসেবে দেওয়া হয়। নিয়ম অনুসারে, এসব শিল্পীর সম্মানীর অর্থ যখন পরিশোধ করা হয়, তখনই আয়োজক প্রতিষ্ঠানকে আয়কর হিসেবে ২৫ শতাংশ কেটে কোষাগারে জমা দিতে হয়।রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আয়োজক প্রতিষ্ঠানগুলো বছর শেষে যখন আয়-ব্যয়ের বিবরণী জমা দেবে, তখন এর সঙ্গে বিদেশি শিল্পীদের দেওয়া সম্মানীর পরিমাণও মিলিয়ে দেখা হবে। এমনকি অনুষ্ঠানটি বাবদ কত খরচ হয়েছে, তা-ও খতিয়ে দেখা হবে।অবশ্য বেশ কিছু প্রতিষ্ঠান ত্রৈমাসিক ভিত্তিতে আয়-ব্যয়ের বিবরণী জমা দিয়ে থাকে।জানা গেছে, আলোচ্য সময়কালে (এক বছরে) ৫৩টি প্রতিষ্ঠান শতাধিক বিদেশি শিল্পী এনে বিভিন্ন অনুষ্ঠান করেছে। এসব শিল্পীকে শুধু সম্মানী হিসেবেই প্রায় চার কোটি টাকা দিতে হয়েছে। আর জাতীয় রাজস্ব বোর্ড পেয়েছে ৯৬ লাখ দুই হাজার ৪৮৭ টাকা।তবে এই হিসাবে গত বছর বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খানের আয়কর বিবেচনায় আনা হয়নি। কেননা, শাহরুখ খানের আয়করের হিসাব নিয়ে কর গোয়েন্দা পরিদপ্তর আলাদাভাবে কাজ করছে।সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে ক্রিকেট বোর্ড ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও মডেল বিপাশা বসু ও মালাইকা অরোরাকে আনে। তাঁদের সম্মানী বাবদ এক কোটি টাকা দেওয়া হয়েছে। আর আয়কর হিসেবে ক্রিকেট বোর্ডের কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়েছে এনবিআর।সম্প্রতি এমএমএক্স কমিউনিকেশন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের গানের অনুষ্ঠানের আয়োজন করে। আশা ভোঁসলে সম্মানী হিসেবে ৮০ লাখ টাকা পান। তাঁর সম্মানীর বিপরীতে ২০ লাখ টাকা কেটে রাখা হয়।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত বাটেক্সপোতে গান পরিবেশনের জন্য আসেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা। এর জন্য তাঁকে সম্মানী হিসেবে প্রায় ছয় লাখ টাকা দিতে হয়েছে। আয়কর হিসেবে এনবিআর কেটেছে দেড় লাখ টাকা।আবার অফিসার্স ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে গান গেয়েছেন ভারতের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর সম্মানীর বিপরীতে সাড়ে ১২ হাজার টাকা আয়কর কেটে রাখা হয়েছে।গুলশান ক্লাবের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রকশিল্পী কে কে আসেন। তাঁকে আট লাখ টাকা সম্মানী দেওয়া হয়। তাঁর সম্মানীর বিপরীতে দুই লাখ টাকা আয়কর কেটে রাখা হয়েছে।এ ছাড়া বিদেশি শিল্পী আনার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্র্যান্ড মার্কস বাংলাদেশ লিমিটেড, এশিয়াটিক মার্কেটিং লিমিটেড, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, চট্টগ্রাম ক্লাব, শোবিজ এন্টারটেনইমেন্ট, ফায়ার ওয়ার্কস এন্টারটেইনমেন্ট, বেঙ্গল ফাউন্ডেশন, স্পট লাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট থিয়েটার আর্টস, সার্ক চেম্বার অব কমার্স উল্লেখযোগ্য।এনবিআরের আয়কর বিভাগের সদস্য এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, ‘বহু প্রতিষ্ঠান বিদেশি শিল্পী এনে অনুষ্ঠান করে। শিল্পীদের সম্মানী পরিশোধের সময় আয়কর কেটে রাখা হয়। এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয়-ব্যয়ের বিবরণীর সঙ্গে শিল্পীদের সম্মানীর বিষয়টি খতিয়ে দেখা হবে।তবে এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি শিল্পীদের যে পরিমাণ সম্মানী আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়, এর বাইরেও মোটা অঙ্কের অর্থ দেওয়া হয় অবৈধ উপায়ে। আর আয়োজক প্র্রতিষ্ঠানগুলো অবৈধভাবে প্রদত্ত অর্থকে তাদের ব্যয় বিবরণীতে বিভিন্ন খাতে বাড়তি ব্যয় হিসেবে দেখায়। এভাবে আয়কর ফাঁকি দেওয়া হয়।প্রসঙ্গত, গত বছর ঢাকায় কনসার্ট করতে আসা ভারতের অভিনেতা শাহরুখ খানের আয়ের ওপর কর কাটতে গিয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। কনসার্ট করতে শাহরুখ খান সাধারণত যে পরিমাণ সম্মানী নিয়ে থাকেন, কাগজে-কলমে তার চেয়ে অনেক কম দেখানো হয়। বিষয়টি খতিয়ে দেখতে সে সময় এনবিআর বিশেষ কমিটি গঠন করে।