বিদেশি সহায়তা ছাড় সামান্য বেড়েছে
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বিদেশি সহায়তা ছাড় সামান্যই বেড়েছে।
আলোচ্য সময়ে উন্নয়ন সহযোগী তথা দাতারা ৯০ কোটি ২০ লাখ ডলার ছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৮ কোটি ৭৩ লাখ ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। জুলাই-নভেম্বর সময়ে ছাড়কৃত ঋণ ৭৪ কোটি ৮২ লাখ এবং অনুদান ১৫ কোটি ৩৮ লাখ ডলার। গত অর্থবছরে একই সময়ে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৬৪ কোটি ৭ লাখ ডলার। আর অনুদানের পরিমাণ ২৪ কোটি ৬৬ লাখ ডলার।
ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকার আসল ও সুদ হিসেবে বিভিন্ন দাতাসংস্থাকে মোট ৫৩ কোটি ২২ লাখ ডলার ফেরত দিয়েছে। এর মধ্যে আসল ৪৫ কোটি ৫০ লাখ ডলার। ৭ কোটি ৭২ লাখ ডলার ফেরত দিয়েছে সুদ বাবদ।
এর ফলে নভেম্বর পর্যন্ত নিট বৈদেশিক সাহায্য এসেছে ৩৬ কোটি ৯৮ লাখ ডলার। যদিও বিদেশি সহায়তার সুদাসল পরিশোধ করতে সরকার বাজেটে আলাদা বরাদ্দ রাখে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের ৬০০ কোটি ডলার বিদেশি সহায়তা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এদিকে বিদেশি সহায়তা ছাড়ের পরিমাণ বাড়লেও প্রতিশ্রুতির পরিমাণ কমেছে। ইআরডির হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত দাতারা ৮৯ কোটি ৬৬ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ঋণের পরিমাণ ৬৯ কোটি ৭০ লাখ ডলার আর অনুদান ১৯ কোটি ৯৬ লাখ ডলার। গত ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে দাতাদের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ১৪৩ কোটি ৭৩ লাখ ডলার। এর মধ্যে ১২৬ কোটি ২৫ লাখ ডলার ঋণ আর অনুদান ১৪ কোটি ৭৮ লাখ ডলার।