বিদেশি সহায়তার প্রকল্পে গতি আনতে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিটি শাখায় দক্ষ জনবল দেওয়া হবে। তাঁরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) স্থাপন করবেন।
এর ফলে বৈদেশিক সাহায্যপুষ্ট যেকোনো প্রকল্প বাস্তবায়নে সমস্যা কোথায় তা সহজেই খুঁজে বের করা যাবে। এ ছাড়া নিজ নিজ মন্ত্রণালয়ে প্রকল্প পরিচালকদের নিয়ে একটি পুল বা পরিচালক তালিকা তৈরি করবে পরিকল্পনা মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য দেন। চলতি সপ্তাহে চারটি সভা করে ১ হাজার ২৮৭টি প্রকল্পের পরিচালকের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনামন্ত্রী। গতকাল ছিল শেষ সভা। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, যাঁরা (প্রকল্প পরিচালক) ভালো করবেন, তাঁদের বড় প্রকল্পে স্থানান্তর করা হবে। তাঁদের সক্ষমতা বৃদ্ধিতে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে। আর যাঁরা খারাপ করবেন, তাঁদের অপেক্ষাকৃত ছোট প্রকল্পে পাঠিয়ে দেওয়া হবে।
বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এসব প্রকল্পে পরামর্শক নিয়োগেও দাতাদের অনুমতি লাগে। প্রকল্প পরিকল্পনা কিছু অংশ পরিবর্তন করতে হলেও তাদের অনুমোদন লাগে। এতে সময় যায়। আবার এটাও ঠিক, আমাদের অনেক প্রকল্প পরিচালকের দক্ষতা বাড়াতে হবে।’
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতু থেকে টাকা ফেরত নেওয়ার কোনো সম্ভাবনা এ অর্থবছরে নেই। তবে মার্চের আগে এই হ্রাস-বৃদ্ধির প্রকৃত চিত্র পাওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব সফিকুল আজম, আইএমইডির ভারপ্রাপ্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার প্রমুখ।