দেশে বিদেশি সাহায্যপ্রবাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আগের বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ঋণ ও অনুদান মিলিয়ে প্রকৃত সাহায্য এসেছে মাত্র ৩৬ কোটি ডলার বা দুই হাজার ৫২০ কোটি টাকা।সাহায্যের এই পরিমাণ যা গত অর্থবছরের একই সময়ে ছাড় করা অর্থের প্রায় এক-তৃতীয়াংশ। গত বছর প্রথম সাত মাসে এর পরিমাণ ছিল ৯৯ কোটি ১১ লাখ ডলার।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।ইআরডি সূত্রে আরও জানা গেছে, আলোচ্য সময়ে ঋণ ও অনুদান মিলিয়ে প্রায় ৮৯ কোটি ডলার ছাড় করেছে উন্নয়ন সহযোগী তথা দাতা দেশ ও সংস্থাগুলো। এর মধ্যে ঋণ বাবদ পাওয়া গেছে ৬১ কোটি ৭৩ লাখ ডলার। আর অনুদান হিসেবে পাওয়া গেছে ২৭ কোটি ৯৭ লাখ ডলার।তবে একই সময়ে বাংলাদেশকে আগে নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ দাতাদের ফেরত দিতে হয়েছে ৫৩ কোটি ৬৪ লাখ ডলার। এতে বাংলাদেশের প্রকৃত প্রাপ্তি দাঁড়িয়েছে মাত্র ৩৬ কোটি ডলার। আলোচ্য সময়ে ২০৫ কোটি ৫১ লাখ ডলার পাওয়ার প্রতিশ্রুতি ছিল। এর মধ্যে ঋণে ১৮৯ কোটি ৩২ লাখ ডলার এবং অনুদানে ১৬ কোটি ১৯ লাখ ডলারের প্রতিশ্রুতি রয়েছে।ইআরডি সূত্রে আরও জানা গেছে, গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বিদেশি সহায়তায় বাংলাদেশের প্রকৃত প্রাপ্তি ছিল ৯৯ কোটি ১১ লাখ ডলার। আলোচ্য সময়ে ঋণ ও অনুদান মিলিয়ে দাতারা ১৫২ কোটি ডলার ছাড় করেছিল। তবে বাংলাদেশকে আসল ও সুদ পরিশোধ বাবদ ৫৩ কোটি ৪৪ লাখ ডলার দিতে হয়েছে।বিদেশি সহায়তার বেশির ভাগই ব্যবহার হয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। কিন্তু চলতি ২০১০-১১ অর্থবছরের উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তার ব্যবহার খুবই কম। সঠিক সময়ে দাতারা অর্থ ছাড় না করার পাশাপাশি বিদেশি সহায়তার অর্থ ব্যবহারে সক্ষমতার অভাবকেই দায়ী করছেন ইআরডির কর্মকর্তারা। ইআরডি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পদ্মা সেতু নির্মাণে এ বছরই বিশ্বব্যাংক বিশাল অঙ্কের অর্থ ছাড় করবে। এতে বছর শেষে বিদেশি সহায়তা প্রাপ্তির পরিমাণ বাড়বে।পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও জুলাই-ডিসেম্বর সময়কালে মাত্র দুই হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো।এমন প্রেক্ষাপটে এডিপি থেকে বিদেশি সহায়তার বরাদ্দ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চলতি ২০১০-১১ অর্থবছরে বিদেশি সাহায্যপুষ্ট ৩৮টি বড় প্রকল্পে সহায়তার পরিমাণ ১২ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে।