বিদেশি সহায়তা ছাড়ের পরিমাণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিদেশি সহায়তা ছাড়ের পরিমাণ কিছুটা কমেছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাস জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশকে ১৪৬ কোটি ডলার দিয়েছে দাতা দেশ ও সংস্থাগুলো। এই অর্থ গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৫ কোটি ডলার কম। গত বছর একই সময়ে এসেছিল ১৮১ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে চলতি অর্থবছরে দাতাদের প্রতিশ্রুতির হিসাবটি কিছুটা গোলমেলে হয়েছে। গত জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত দাতাদের প্রতিশ্রুতির পরিমাণ ১ হাজার ৪৬৬ কোটি ডলারে উন্নীত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার সঙ্গে ঋণচুক্তি সইয়ের ফলে চলতি অর্থবছরের শুরুতে প্রতিশ্রুতির খাতায় যুক্ত হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার।
ইআরডি সূত্রে আরও জানা যায়, জুলাই-জানুয়ারি সময়ে ঋণ ও অনুদান ছাড় দুই-ই কমেছে। চলতি অর্থবছরের এ সময়ে ঋণ ছাড় হয়েছে ১২৪ কোটি ৫১ লাখ ডলার। গতবার একই সময়ে ছাড়ের পরিমাণ ছিল ১৫০ কোটি ৫৪ লাখ ডলার। অন্যদিকে এ বছর জুলাই-জানুয়ারি সময়ে অনুদান মিলেছে প্রায় ২২ কোটি ডলার। গত বছর একই সময়ে এ পরিমাণ ছিল ৩১ কোটি ডলার।
এদিকে বর্তমান অর্থবছরের প্রথম সাত মাসে ৬৩ কোটি ৮ লাখ ডলার সুদাসল পরিশোধ করতে হয়েছে সরকারকে। এর মধ্যে আসলের পরিমাণ ৫০ কোটি ৫১ লাখ ডলার এবং সুদ ১৩ কোটি ৩০ লাখ ডলার। তবে সুদাসলের অর্থ পরিশোধ করা হয় সরকারের ভিন্ন একটি তহবিল থেকে। প্রতিবছর বাজেট ঘোষণার সময় এ তহবিলে অর্থ বরাদ্দ দেওয়া হয়।