বিদেশি সহায়তা-প্রবাহ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বিভিন্ন উন্নয়ন-সহযোগীর কাছ থেকে মোট ১৫৮ কোটি ডলারের সহায়তা পাওয়া গেছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ডলার বেশি। গত বছর একই সময়ে বাংলাদেশে ১২০ কোটি ডলারের সহায়তা এসেছিল।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। ইআরডি সূত্র জানায়, গত আট মাসে ৮০ কোটি ডলারের ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। এর মধ্যে মূল টাকা ৬৬ কোটি ডলার আর বাকি ১৪ কোটি ডলার সুদ পরিশোধ করা হয়েছে। এর মানে হলো, আলোচ্য সময়ে প্রকৃত বিদেশি সহায়তা বাবদ বাংলাদেশ পেয়েছে ৭৮ কোটি ডলার। গত বছর একই সময় প্রাপ্ত বিদেশি মুদ্রার পরিমাণ ছিল ৫৫ কোটি ডলার।ইআরডি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ৪০ কোটি ডলার ঋণ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি গত আট মাসে ৩৮ কোটি ডলার ঋণ দিয়েছে। এ ছাড়া জাপান ২৪ কোটি, চীন ১৪ কোটি ও ভারত চার কোটি ডলার ঋণ ছাড় করেছে।গত আট মাসে নয় কোটি ডলার অনুদান দিয়েছে আইডিএ। এ ছাড়া যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি আট কোটি ও জার্মানি তিন কোটি ডলার অনুদান দিয়েছে। এ ছাড়া আলোচ্য সময়ে বিভিন্ন উন্নয়ন-সহযোগীর কাছ থেকে বাংলাদেশ যে ১৫৮ কোটি ডলারের সহায়তা পেয়েছে, এর মধ্যে ঋণ হিসাবে ১২৩ কোটি ও অনুদান হিসাবে ৩৫ কোটি ডলার পাওয়া গেছে। গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ যে ১২০ কোটি ডলারের সহায়তা পেয়েছিল, তার মধ্যে ঋণ ৮৩ কোটি ডলার ও অনুদান ছিল ৩৭ কোটি ডলার।এবার অর্থছাড়ের পরিমাণ বাড়লেও প্রতিশ্রুতি কমেছে। গত অর্থবছরের আট মাসে বিভিন্ন উন্নয়ন-সহযোগী দেশ ও সংস্থা ৪০২ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৩৭২ কোটি ডলার। অর্থাৎ, বিদেশি সহায়তার প্রতিশ্রুতির পরিমাণ ৩০ কোটি ডলার কমেছে।