উন্নয়ন প্রকল্প তদারকিতে সমপৃক্ত হচ্ছেন উন্নয়ন সহযোগী বা দাতারা। বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পে উন্নয়ন সহযোগী, বাস্তবায়নকারী সংস্থা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সমন্বয়ে ত্রিপক্ষীয় তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে।গতকাল বুধবার স্থানীয় পরামর্শক গোষ্ঠীর এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। অধিবেশনে বিভিন্ন দাতাদেশ ও সংস্থার পাশাপাশি ইআরডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইআরডি সচিব ইকবাল মাহমুদ এবং স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) কো-চেয়ার বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে গোল্ডস্টেইন বলেন, দাতারা সরকারি তহবিল ব্যয়ে স্বচ্ছতা, জবাবদিহি দেখতে চায়। তিনি আরও জানান, আগের চেয়ে অনেক বেশি সহায়তা ছাড় করা হচ্ছে। এই অর্থ ব্যবহারে বাংলাদেশের অর্জন ভালো। এ ছাড়া বিগত কয়েক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে রেকর্ড অর্জন হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনেও দাতারা স্বীকৃতি দিয়েছে।তবে প্রকল্প বাস্তবায়নে কিছু সমস্যার কথা জানিয়ে গোল্ডস্টেইন বলেন, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া বেশ দীর্ঘ। এ জন্য ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে একযোগ কাজ করতে চায় উন্নয়ন সহযোগীরা। এই বিষয়ে সব পক্ষ একমত হয়েছে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে গোল্ডস্টেইন বলেন, বাংলাদেশ ভাগ্যবান। বিশ্বব্যাপী অর্থনৈতিক সমস্যার পরও উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে অর্থ দিয়েছে। তবে এখন এসব উন্নয়ন সহযোগী তাদের প্রতিটি মুদ্রা ব্যয়ের সম্পর্কে সচেতন। ইআরডি সচিব ইকবাল মাহমুদ বলেন, চলতি অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৬০০ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে। গত কয়েক বছরে উন্নয়ন সহযোগীদের সহায়তা ক্রমান্বয়ে বেড়েছে। মাহমুদ জানান, গত অর্থবছরে ৫৯০ কোটি ডলার এসেছে। এবার প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩৯০ কোটি ডলার পাওয়া গেছে। প্রকল্প বাস্তবায়নে কিছু সমস্যা থাকলেও সরকার আন্তরিক ও সৎ।ইআরডি সচিব বলেন, বারবার প্রকল্প পরিচালক বদলি বা পরিবর্তনের ফলে প্রকল্প বাস্তবায়নে সমস্যা হয়। আবার উন্নয়ন সহযোগীদেরও সমস্যা রয়েছে। তারা পরামর্শক নিয়োগে দেরি করে। তিনি আরও বলেন, বাংলাদেশ একমত হয়েছে যে ইআরডি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে। এই ব্যবস্থায় মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, বিডিএফ অনুষ্ঠানের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে উন্নয়ন সহযোগীদের বৈঠকে আলোচনা হয়েছে। উন্নয়ন সহযোগীরা জানিয়েছে, তাদের প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত করা হবে। সভায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউএনডিপি, বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব আরাস্ত খান বিদেশি সহায়তাপ্রবাহ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। বৈঠকে উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বলা হয়, সরকারি অর্থ ব্যবস্থাপনায় শক্তিশালীকরণ, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়ন সহযোগীদের আস্থা অর্জন করতে পারে সরকার।উল্লেখ্য, দাতাদেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় পরামর্শক গোষ্ঠী গঠিত।