বিদেশি সহায়তার অর্থ ছাড় কমেছে
বিদেশি সহায়তার অর্থ ছাড় করার পরিমাণ কমে গেছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) গতবারের একই সময়ের তুলনায় প্রায় ২৩ কোটি ডলারের কম ছাড় করেছে দাতারা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, আলোচ্য সময়ে দাতারা অর্থ ছাড় করেছে মাত্র ৫৭ কোটি ৬৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৮০ কোটি ৯০ লাখ ডলার।
জানা গেছে, আলোচ্য সময়ে উন্নয়ন-সহযোগীরা বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মাত্র ১৩২ কোটি ৬১ লাখ ডলারের। আগের অর্থবছরে একই সময়ে প্রতিশ্রুতি ছিল ১৭৭ কোটি ৫০ লাখ ডলারের।
উল্লেখ্য, চলতি অর্থবছরে দাতা সংস্থাগুলোর কাছ থেকে ৩৩৭ কোটি ডলার অর্থ পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইআরডি সূত্রে আরও জানা গেছে, জুলাই-অক্টোবর সময়ে ছাড় হওয়া অর্থের মধ্যে ঋণের পরিমাণ ৪৩ কোটি ২৫ লাখ ডলার।
আর অনুদান হচ্ছে ১৪ কোটি ৪৩ লাখ ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক ১২ কোটি ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি ৮০ লাখ ডলার ঋণ দিয়েছে।
এ ছাড়া জাপান ১৫ কোটি ৭০ লাখ ডলার, জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) চার কোটি ৭০ লাখ ডলার, ভারত পাঁচ কোটি ডলার ছাড় করেছে।
চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত সরকার বিভিন্ন দাতা সংস্থার আসল বাবদ পরিশোধ করেছে ২১৩ কোটি চার লাখ ডলার। আর ঋণের সুদ বাবদ ৫১ কোটি আট লাখ ডলার পরিশোধ করেছে।