বিদেশি সহায়তার পূর্ণ ব্যবহার চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রাক্কলিত বিদেশি সহায়তার পুরোপুরি ব্যবহার করতে চায় সরকার। গতকাল বুধবার বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পগুলো নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় পরিকল্পনামন্ত্রী দাবি করেন, বিদেশি সহায়তাপুষ্ট প্রায় সব প্রকল্পই ভালোভাবে চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকার ও দাতাদের মধ্যে আন্তরিকার কোনো অভাব নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান সাহায্য সংস্থা— জাইকাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী এতে সভাপতিত্ব করেন। এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি। পরিকল্পনামন্ত্রী আরও জানান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দাতা দেশ ও সংস্থাগুলো অনেক বেশি কেন্দ্রনির্ভর। স্থানীয় অফিসের করার কিছুই থাকে না। দাতাদের স্থানীয় অফিসকে আরও ক্ষমতায়ন করার পক্ষে তিনি মত দেন। পরিকল্পনামন্ত্রী আরও জানান, শুধু দাতাদের কারণে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয় না। স্থানীয় প্রশাসনিক জটিলতায়, বিশেষ করে, ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ায় অনেক সময় নষ্ট হয়। প্রকল্প পরিচালকদের মাঠপর্যায়ে অবস্থান না করার সমালোচনা করেন পরিকল্পনামন্ত্রী। বৈঠকে প্রকল্প পরিচালকদের মাঠপর্যায়ে থাকার নির্দেশ দেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, পরিচালকেরা প্রায়ই প্রকল্প এলাকায় অবস্থান করেন না, ঢাকায় থাকেন। বৈঠকে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে তিনটি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—জনবলের অভাব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও দাতাদের অর্থ ছাড়ে জটিলতা। জানা গেছে, বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে দ্রুত প্রকল্প বাস্তবায়নে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো: প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃঢ় প্রতিশ্রুতি, অর্ধবার্ষিক বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন ও নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করা। প্রসঙ্গত, চলতি এডিপির আকার ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ২৭ হাজার ৩১৫ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা। চলতি এডিপিতে এক হাজার ৩৯টি প্রকল্প রয়েছে। এডিপিতে অন্তর্ভুক্ত বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নের হার কমে যাওয়ায় প্রতি অর্থবছরে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ অব্যবহূত থাকছে। শতভাগ এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে এটিকে বড় ধরনের অন্তরায় হিসেবে মনে করছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা। এই অবস্থা থেকে উত্তরণে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে গতি আনার উদ্যোগ নিয়েছে কমিশন।এ বছর বেশি প্রকল্প নেওয়ায় বরাদ্দ দিতে গিয়ে স্থানীয় মুদ্রার ওপর ক্রমাগত চাপ বাড়ছে। আর দাতাদের প্রকল্প অনুমোদন-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেও এসব প্রকল্পে যথাসময়ে অর্থ ছাড় আটকে থাকছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দাতা দেশ ও সংস্থার কাছ থেকে মোট ২৪ কোটি ৬২ লাখ ডলার অর্থ ছাড় করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরের এ সময়ে বিদেশি সহায়তার অর্থ ছাড় করা হয়েছিল ৩১ কোটি ৫৯ লাখ ডলার। একই সময়ে গত বছরের তুলনায় চলতি অর্থবছরে অর্থ ছাড় কম হয়েছে ছয় কোটি ৯৭ লাখ ডলার।