বিদেশি সহায়তার ৪০ শতাংশ ব্যয় সুদ-আসল পরিশোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি সহায়তা যা পাওয়া গেছে, তার ৪০ শতাংশই আগের ঋণ ও তার সুদ পরিশোধে সরকারকে ব্যয় করতে হয়েছে। এদিকে গত তিন মাসে বিদেশি সহায়তা ছাড়ের প্রতিশ্রুতিও ব্যাপকভাবে কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মাত্র ৬০ কোটি ডলার ছাড়ের প্রতিশ্রুতি মিলেছে। গত অর্থবছরের একই সময়ে অর্থ ছাড়ের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ১৬৫ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। ইআরডি সূত্রে আরও জানা গেছে, প্রথম প্রান্তিকে ৫২ কোটি ডলার ছাড় করেছে উন্নয়ন-সহযোগীরা। এ ক্ষেত্রে সুদ ও আসল পরিশোধ শেষে প্রকৃত প্রাপ্তি হবে ৩০ কোটি ডলারের মতো। গত অর্থবছরের এই সময়ে অবশ্য অনেক কম অর্থ এসেছিল। সে সময় সুদ ও আসল পরিশোধ ছাড়াই মাত্র ২৮ কোটি ৯০ লাখ ডলার এসেছিল। ইআরডির পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম তিন মাসে যে বিদেশি সাহায্য পাওয়া গেছে, তার মধ্যে ৩৯ কোটি ৪৮ লাখ ডলার এসেছে ঋণ বাবদ (সুদ ও আসল পরিশোধ ছাড়া)। অবশ্য এই সময়ে ৫৯ কোটি ২৪ লাখ ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ছিল উন্নয়ন-সহযোগীদের। গত তিন মাসে অনুদান বাবদ পাওয়া যায় ১২ কোটি ৮৬ লাখ ডলার। কিন্তু প্রতিশ্রুতি ছিল মাত্র ৮৭ লাখ ডলার পাওয়ার। এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকার বিদেশি ঋণসহায়তার জন্য মূল ও সুদ বাবদ পরিশোধ করেছে ২১ কোটি ৬৮ লাখ ডলার। এর মধ্যে মূল পরিশোধের পরিমাণ ১৬ কোটি ৪৯ লাখ ডলার, আর সুদ পাঁচ কোটি ১৮ লাখ ডলার। বিশ্লেষণ করলে দেখা যায়, যে পরিমাণ বিদেশি সহায়তা চলতি অর্থবছরের গত তিন মাসে এসেছে, তার প্রায় ৪০ শতাংশই চলে গেছে ঋণের আসল ও সুদ পরিশোধে। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে সুদ ও আসল মিলিয়ে সরকারকে ২২ কোটি ৩৩ লাখ ডলার পরিশোধ করতে হয়েছিল। প্রসঙ্গত, সরকার প্রতিবছর বাজেটে ঋণ ও সুদ পরিশোধ বাবদ অর্থ বরাদ্দ রাখে। বর্তমান অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ছাড় করেছে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডিএ)। এই সংস্থাটি ঋণ ও অনুদান মিলে প্রায় ১৬ কোটি ৮০ লাখ ডলার দিয়েছে। এর পরের স্থানে রয়েছে জাপান। এই দাতা দেশটি ১২ কোটি ৫১ লাখ ডলার দিয়েছে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছয় কোটি ৭৪ লাখ ডলার, চীন তিন কোটি ৭০ লাখ ডলার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তিন কোটি ৩৬ লাখ ডলার, ইউএনডিপি দুই কোটি ৫২ লাখ ডলার, ভারত এক কোটি ৬৩ লাখ ডলার এ সময়ে দিয়েছে।