বিদেশি সাহায্য অর্থবহ করতে সুসমন্বয় চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি সাহায্য সরকারের মাধ্যমে আসে, সেগুলো বাস্তবায়িত হয় নাগরিক সংগঠনগুলোর মাধ্যমে। সুতরাং বিদেশি সাহায্য কার্যকর করার জন্য এই তিন পক্ষের যৌথ ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন।নাগরিক সংগঠন এইড অ্যাকাউনটিবিলিটি গ্রুপ (এএজি) এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক দি রিয়েলিটি অব এইডের যৌথ উদ্যোগে গত বুধবার জাতীয় প্রেসক্লাবের বৈদেশিক সাহায্যের কার্যকারিতায় নাগরিক সমাজের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।বক্তারা আরও বলেন, প্যারিস ঘোষণা ও আক্রা কর্মপরিকল্পনা অনুসারে দাতাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, তেমনি সাহায্যের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নকারী সরকার ও নাগরিক সংগঠনগুলোর দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার।পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উন্নয়ন গবেষণা সংগঠন ভয়েসের নির্বাহী পরিচালক ও এইড অ্যাকাউনটিবিলিটি গ্রুপের আহ্বায়ক আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, কোস্ট ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পরিচালক উমা চৌধুরী, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।কাজী খলীকুজ্জমান বলেন, জাতীয় আয়ের মাত্র ২ শতাংশ আসে বৈদেশিক ঋণ থেকে, এর আবার অর্ধেক চলে যায় পুরোনো ঋণ পরিশোধের জন্য। কাজেই বাস্তবে বৈদেশিক ঋণ তেমন কোনো কাজে আসে না। অথচ দাতাদের বিভিন্ন শর্তের কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতি অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়েছে। বিজ্ঞপ্তি।