বিদেশি সাহায্য প্রবাহ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিদেশি সহায়তার অর্থ ছাড় কমে গেছে। বিদেশি সহায়তার ছাড় কমে যাওয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এর ব্যবহারও কমে গেছে।চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ঋণ ও অনুদান মিলিয়ে প্রায় ৮২ কোটি ডলার বা পাঁচ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ৭০ টাকা হিসাবে) বৈদেশিক সহায়তা এসেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।ইআরডির তথ্য অনুযায়ী, এর মধ্যে ঋণ হিসেবে ছাড় করা হয়েছে সাড়ে ৫৪ কোটি ডলার। আর অনুদান হিসেবে পাওয়া গেছে ২৭ কোটি ৩৮ লাখ ডলার।তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকারকে ঋণের কিস্তি ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৪৬ কোটি ডলার।গত বছর একই সময়ে বিদেশি সহায়তা প্রবাহ ছিল ১৩০ কোটি ডলার (প্রায় নয় হাজার কোটি টাকা)। গত বছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কম এসেছে। জানা গেছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে ঋণ ও অনুদানসহ ২১১ কোটি ডলার পাওয়ার প্রতিশ্রুতি ছিল। এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রকল্প বাস্তবায়নে বিদেশি সহায়তার ব্যবহার কমেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও জুলাই-ডিসেম্বরে মাত্র দুই হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। এমন প্রেক্ষাপটে এডিপি থেকে বিদেশি সহায়তা থেকে তিন হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কীভাবে বিদেশি সহায়তা ছাড় করা কিংবা ব্যবহার বৃদ্ধি করা যায়, সে জন্য ইআরডিকে পরামর্শ দেওয়া হয়েছে।