বিদেশি সাহায্যের অর্থ ব্যবহারের তাগিদ
অর্থ মন্ত্রণালয় বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পের অর্থ ব্যবহারের তাগিদ দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, প্রকল্প সাহায্য ব্যবহার করতে না পারলে এবার আর স্থানীয় মুদ্রা দিয়ে সহায়তা করা হবে না।প্রকল্প বাস্তবায়নে তাই বিদেশি সাহায্য ব্যবহারে অধিকতর মনোযোগ দিতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে প্রকল্পগুলোতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তারও ব্যবহার নিশ্চিত করতে হবে।এসব তাগিদ দিয়ে গত বৃহস্পতিবার একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যেসব প্রকল্প বিদেশি সাহায্যের মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা, সেগুলো সাহায্য নিয়েই বাস্তবায়িত করতে হবে। না পারলে সরকারের কাছ থেকে কোনো টাকা দেওয়া হবে না। সব মন্ত্রণালয় ও বিভাগের উদ্দেশে জারি করা পরিপত্রে প্রকল্পের বিদেশি সাহায্যের যে অংশ এখনো ব্যয় হয়নি, সংশোধিত এডিপির মোট বরাদ্দ থেকে তা বাদ দেওয়ার কথাও বলা হয়েছে। সরকারের অনুন্নয়ন ব্যয় বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ এবং বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ইতিমধ্যে চলতি ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে প্রকল্প সাহায্য ব্যবহারের হালনাগাদ তথ্য সংগ্রহের আলোচনাও শেষ করেছে বলে পরিপত্রে জানানো হয়। পরিপত্রে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে সার, খাদ্যশস্য ও জ্বালানি তেলের দাম বাড়ায় মূল বাজেটের প্রাক্কলনের তুলনায় ভর্তুকি ও সুদ খাতে সরকারের ব্যয় অনেক বেড়েছে। চলতি অর্থবছরের বাকি সময়ে এ খাতে ব্যয় আরও বাড়তে পারে। যে কারণে সরকারকে বাড়তি অর্থ সংস্থান করতে হবে। এ পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, যেসব প্রকল্প চলতি অর্থবছরে মূল বাজেটে প্রকল্প বাবদ বরাদ্দ ব্যবহার করতে সক্ষম হবে না, সেসব প্রকল্পে প্রকল্প সাহায্যের পরিবর্তে সরকারি খাতের অর্থ বরাদ্দ দেওয়া হবে না। চলতি অর্থবছরের মূল এডিপির আকার ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম ছয় মাসে মোট বরাদ্দের ২৮ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৭০৩ কোটি টাকা ব্যয় হয়েছে। জানা গেছে, এর মধ্যে বৈদেশিক সাহায্য ব্যবহারের হার খুবই নাজুক। এডিপিতে এবার বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা। ছয় মাসে এর মাত্র ১৭ শতাংশ, অর্থাৎ তিন হাজার ১১৫ কোটি টাকা ব্যবহার করা হয়েছে।