বিদেশি সাহায্যের ব্যবহার দারিদ্র্যমুখী করার আহ্বান
বিদেশি ঋণ ও সাহায্যের ব্যবহার দারিদ্র্যমুখী ও স্বচ্ছ করার দাবি জানিয়েছে দেশের ২৪টি নাগরিক সমাজ সংগঠন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও শোভাযাত্রা থেকে এই আহ্বান জানানো হয়। ইক্যুইটিবিডির সদস্য মোস্তফা কামালের সঞ্চালনায় শোভাযাত্রায় বক্তব্য দেন লা-ভিয়া ক্যাম্পেসিনার বদরুল আলম, লিড ট্রাস্টের ফিরোজ আহমেদ, ভয়েসের ফারজানা আকতার, কৃষাণী সভার সালেহা বেগম, কর্মজীবী নারীর এম এম মামুন, অর্পণের আবদুল কাদের হাজারী এবং ইক্যুইটিবিডির আমিনুল হক, মো. সামসুদ্দোহা ও রেজাউল করিম চৌধুরী।মানববন্ধন ও শোভাযাত্রায় অংশগ্রহণকারী অন্য সংগঠনগুলো হলো: এএমকেএস, এসো, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সিএসআরএল, অনলাইন নলেজ সেন্টার, পথিকৃত্, এমএফটিডি, প্রান্তিক, পূর্বাশা, আরসিএসভি, এমএফটিডি, স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশন, সলিডারিটি ওয়ার্কশপ, সিরাজগঞ্জ ফ্লাড ফোরাম এবং ডব্লিউডি এম-যুক্তরাজ্য। খবর সংবাদ বিজ্ঞপ্তির।বক্তারা বলেন, আর্থিক সহায়তা ও ঋণপ্রাপ্তি বাংলাদেশের জনগণের একটি অধিকার। কিন্তু এই ঋণের মাত্র ২০ শতাংশ ব্যয় হয় মূল লক্ষ্য অর্থাত্ দরিদ্র মানুষের জন্য। উন্নয়ন-সহায়তার এ রকম অপব্যবহার কখনো সার্বভৌম, গণতান্ত্রিক ও দায়বদ্ধ বলা যায় না। বক্তারা সব বিদেশি ঋণ ও আর্থিক চুক্তি সংসদে আলোচনার পর অনুমোদন করার এবং এ সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করার দাবি জানান। তাঁরা বিদেশি ঋণ-সংক্রান্ত প্রকল্পগুলো নিরীক্ষার জন্য পৃথক অডিট কমিশন নিয়োগ এবং অডিট প্রতিবেদন জনসমক্ষে প্রকাশেরও দাবি তোলেন। বক্তারা আরও দাবি করেন যে কোনো ভিন দেশের স্বার্থে দেশের ভেতরে যদি কোনো প্রকল্প প্রণয়ন করতে হয় তাহলে কোনো বৈদেশিক ঋণ গ্রহণ করা যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বিনা শর্তে অনুদান প্রদান করলেই ওই দেশের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন করার কথা ভাবা যেতে পারে বলে তাঁরা অভিমত প্রকাশ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিদেশি সাহায্য ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত প্রযোগের ক্ষমতা থাকা জরুরি। তা না হলে এসব সাহায্য অর্থবহ হয় না। মাঝখান থেকে দেশের মানুষের ওপর দেনার বোঝা বাড়ে।