বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা কর ফাঁকি দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে টাস্কফোর্স গঠন করা হবে। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খানসহ বিনিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, এনবিআরের চেয়ারম্যানই এ টাস্কফোর্সের প্রধান হতে পারেন। টাস্কফোর্সের গঠনপ্রণালি ও কার্যপরিধি নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা করে ঠিক করা হবে। বর্তমানে কী পরিমাণ বিদেশি নাগরিক বাংলাদেশে কাজ করছেন, এর কোনো সঠিক তথ্য নেই। সম্প্রতি এনবিআরের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কর্মরত বিদেশি নাগরিকদের তথ্য, বেতনকাঠামো জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশের বায়িং হাউস, বস্ত্র, প্রযুক্তি, সেবা খাতে বিদেশিরা কাজ করেন। অভিযোগ রয়েছে, প্রকৃত আয় গোপন করে বিদেশিরা কর ফাঁকি দেন। আবার অনেকে পর্যটক ভিসায় এসে কাজ করেন। বিদেশি নাগরিকের আয়ের ওপর ৩০ শতাংশ কর আরোপ করা হয়।