বিদেশিদের জন্য তিনটি অনলাইন সেবা চালু করেছে বিনিয়োগ বোর্ড
বিদেশিদের জন্য তিনটি অনলাইন সেবা চালু করেছে বিনিয়োগ বোর্ড। এগুলো হলো ভিসা সেবা, কর্মসনদ বা ওয়ার্ক পারমিট ও বিদেশি প্রতিষ্ঠানের শাখা বা লিয়াজোঁ কার্যালয় স্থাপন। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এসব অনলাইন সেবা চালুর ঘোষণা দেওয়া হয়।
বিনিয়োগ বোর্ড জানিয়েছে, এসব সেবা পেতে এখন থেকে কোনো বিদেশিকে আর বিনিয়োগ বোর্ডে যেতে হবে না। ঘরে বসেই এসব সেবা নিতে পারবেন আগ্রহীরা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.eservice.boi.gov.bd) অনলাইনের মাধ্যমে নির্ধারিত তথ্য সংযুক্ত করে উল্লিখিত সেবার জন্য আবেদন করা যাবে।
বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে বিদেশিদের কাজ করতে হলে তার জন্য বিনিয়োগ বোর্ডের কাছ থেকে কর্মসনদ নিতে হয়। এত দিন এ সেবা নিতে হলে বিনিয়োগ বোর্ডে সরাসরি আবেদন করতে হতো। এখন থেকে অনলাইনেই এ আবেদন করা যাবে। পাশাপাশি বাংলাদেশে বিদেশি কোনো প্রতিষ্ঠানের শাখা, লিয়াজোঁ কার্যালয় বা প্রতিনিধি কার্যালয় স্থাপনের ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে বাংলাদেশের ভিসা প্রাপ্তির আবেদনও অনলাইনের মাধ্যমে করা যাবে।
বিনিয়োগ বোর্ড বলছে, অনলাইনের এ ধরনের সেবা চালুর ফলে ভোগান্তি কমবে।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গতকাল বিকেলে অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিনিয়োগ বোর্ডের নির্বাহী
চেয়ারম্যান এস এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে আরও বক্তব্য দেন নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ, বিশ্বব্যাংক গ্রুপের কান্ট্রি ম্যানেজার কাইল এফ কেলোফার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী অবকাঠামো, যোগাযোগ, জাহাজ নির্মাণ ও পুনঃ উৎপাদন, তথ্যপ্রযুক্তি, কৃষি, বস্ত্র, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা খাতসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে একটি উদার বিনিয়োগ ও শিল্পনীতি তৈরি করছে সরকার। যাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে। এ সময় মন্ত্রী জানান, এর মধ্যে শিল্পনীতির খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই সেটি চূড়ান্ত করা হবে।