বিদেশিদের নিরাপত্তায় কুমিল্লা ইপিজেডে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ৪০টি কারখানায় কর্মরত ২০০ জন বিদেশি নাগরিককে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ ও বেপজার সঙ্গে এক মতবিনিময় সভা হয়। বিকেল চারটায় কুমিল্লা ইপিজেডের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় চীন, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, জাপান, রোমানিয়া, ইতালিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কুমিল্লার মহাব্যবস্থাপক মো. মেহবুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা প্রমুখ।
সভায় বলা হয়, কুমিল্লা ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীসহ অন্তত ২০০ জন বিদেশি নাগরিক রয়েছেন। কারখানার মেশিন স্থাপন, মেরামত, রক্ষণাবেক্ষণ, উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিনিয়ত বিদেশি নাগরিকেরা এখানে আসা-যাওয়া করেন। এ ছাড়া কারখানার বিদেশি মালিকও রয়েছেন বেশ কয়েকজন। এখানকার কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও মনোবল চাঙা করার জন্য এ বৈঠক হয়। বৈঠকে পুলিশ প্রশাসন বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।