বিদেশিরা এখন ৭৫ শতাংশ আয় দেশে পাঠাতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কর্মরত বিদেশিরা এখন থেকে তাঁদের নিট আয়ের ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ দেশে পাঠাতে পারবেন। এর আগে ৫০ শতাংশ পর্যন্ত পাঠানোর সুযোগ ছিল। বিভিন্ন দূতাবাসে আবেদনের পরিপ্রেক্ষিতে বেশি অর্থ বিদেশে পাঠানোর এই সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকে পাঠিয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা-২০০৯-এর আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশিরা এত দিন চলতি সঞ্চয় বাদে প্রতি মাসে নিট আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ দেশে পাঠাতে পারতেন। এখন থেকে পরিবারের খরচ মেটাতে ৭৫ শতাংশ পর্যন্ত দেশে পাঠাতে পারবেন।বলা হচ্ছে, বিশ্বব্যাপী মন্দাসহ নানাবিধ কারণে বিভিন্ন দেশে ব্যয় বেড়েছে। কিন্তু আয়ের ৫০ শতাংশের বেশি নিজ দেশে পাঠানোর সুযোগ না থাকায় বাংলাদেশে কর্মরতরা তাঁদের পরিবারের কাছে বেশি অর্থ পাঠাতে পারছিলেন না। এ পরিপ্রেক্ষিতে দূতাবাস ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সীমা বাড়ানোর দাবির পর বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে।বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশে কর্মরত কোনো বিদেশির মাসিক আয় যদি এক হাজার ২০০ ডলার হয়, আর এই আয় থেকে নির্ধারিত হারে কর পরিশোধের পর যদি এক হাজার ডলার থাকে, তাহলে এর সর্বোচ্চ ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫০ ডলার তিনি দেশে পাঠাতে পারবেন। বাকি ২৫০ ডলারের মধ্যে যদি ধরে নেওয়া হয়, তাঁর মাসে খরচ ২০০ ডলার। তাহলে কিন্তু ৫০ ডলার ব্যাংক বা অন্য কোথাও সঞ্চয় করতে পারবেন। সঞ্চয় করা এই অর্থ চাকরি শেষে দেশে ফেরার সময় নিতে পারবেন। জমানো এই অর্থ কোনো মাসে নিট আয় হিসাবে দেখানো যাবে না। এ কারণে প্রজ্ঞাপনে ‘চলতি সঞ্চয় বাদে’ যুক্ত করা হয়েছে।