বিদেশিরা মিয়ানমারের স্থানীয় প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার নতুন বিনিয়োগ আইনের আওতায় স্থানীয় প্রতিষ্ঠানে বিদেশিদের শতভাগ মালিকানার অনুমোদন দেবে। শিগগিরই দেশটির সংসদে এ-সংক্রান্ত আইন অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার দেশটির জাতীয় পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপমন্ত্রী কান ঝাও বলেন, ‘বিদেশি কোম্পানিগুলো ৩৫ থেকে ১০০ ভাগ বিনিয়োগ করতে পারবে।’ ইয়াংগুনে বিনিয়োগ ফোরামের এক বৈঠকের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, ‘যারা শতভাগ বিনিয়োগ করতে চায়, তাদের বিষয় আমরা সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখব।’ এর আগে মিয়ানমারের সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন মেইন মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের লক্ষ্যে তাঁর পরবর্তী সংস্কার উদ্যোগের কেন্দ্র হবে অর্থনৈতিক উন্নয়ন। সাবেক এই জেনারেল বলেন, আইন ও বিধিবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগকারীদের জন্য এসব শিথিল হওয়া প্রয়োজন, এতে বিনিয়োগকারীরা আসবে এবং আইন তাদের যখন সুরক্ষা দেবে, তখনই কেবল তারা বিনিয়োগ করবে। কান ঝাও বলেন, নতুন বিনিয়োগ আইনে বিদেশি বিনিয়োগকারীদের পাঁচ বছরের কর অবকাশসুবিধা দেওয়া হবে—যা বর্তমান আইন থেকে দুই বছরের বেশি। ‘আমাদের বিনিয়োগনীতি হবে অবশ্যই প্রতিযোগিতামূলক’—এ কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক নীতি উন্মুক্ত করায় মিয়ানমারে বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সূত্র: বাসস ও এএফপি।