বিদেশে অ্যাপার্টমেন্ট ক্রয়ের বিজ্ঞাপনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইসহ বিভিন্ন দেশে অ্যাপার্টমেন্ট কেনার জন্য সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে গণমাধ্যমগুলোকেও এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সতর্ক ও সংযত হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে সতর্ক করেছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে নিবাসী বাংলাদেশিদের (এ দেশে বসবাসকারী) স্থাবর সম্পত্তি কেনার জন্য বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর ওপর বিধিনিষেধ আছে। এ বিধিনিষেধ এড়িয়ে অবৈধভাবে অর্থ প্রেরণে যোগসাজশকারীদের ভূমিকা আইনত দণ্ডনীয় অপরাধ।