বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বমানের পণ্য উৎপাদন করে বিভিন্ন দেশে রপ্তানি করছেন। কিন্তু এখনো বিদেশে বিনিয়োগের কোনো সুযোগ পাচ্ছেন না। এ সুযোগ পেলে তাঁরা অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম হবেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ প্রসঙ্গে বলেছেন, সীমাবদ্ধতা থাকায় ঢালাওভাবে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া সম্ভব নয়। তবে প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে বিদেশে কিছু বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।দীপু মনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কেবল আফ্রিকার দেশগুলোর কৃষি খাতে বিনিয়োগ নয়, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বিনিয়োগের বিষয়ে চিন্তা করেছিল। তবে বিদেশে বিনিয়োগের সময় উভয় দেশই যাতে লাভবান হয়, সে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ দেন। গতকাল মঙ্গলবার ঢাকায় আয়োজিত ‘রপ্তানি বৃদ্ধিতে দূতাবাসগুলোর ভূমিকা’ এবং ‘আফ্রিকাতে কৃষিক্ষেত্রে সহযোগিতা ও বাজার সম্প্রসারণ’ বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্রসচিব মো. মিজারুল কায়েস। ধন্যবাদ জ্ঞাপন করেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, বিদেশে রপ্তানি বাজার বাড়াতে এবং পণ্য রপ্তানি বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় কাজ করে যাবে। তবে জনবল কম হওয়ায় দূতাবাসগুলো অনেক সময় সঠিক দায়িত্ব পালন করতে পারে না। দীপু মনি আরও বলেন, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী বর্তমান সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ আদালতের বাতিল করে দেওয়া জিনিস অন্তর্ভুক্ত করার ক্ষমতা সংসদেরও নেই। ওয়ান-ইলেভেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এ দেশের ব্যবসায়ী সম্প্রদায়। তাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।স্বাগত বক্তব্যে এ কে আজাদ বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেন।চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান (নিউজ) শাইখ সিরাজ বলেন, খাদ্য নিরাপত্তার জন্য দেশের বাইরে বিনিয়োগ করার আগে অবশ্যই তা বাণিজ্যিকভাবে লাভজনক কি না, তা সমীক্ষা করে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, আফ্রিকার দেশগুলোয় কৃষি খাতে চুক্তিভিত্তিক বিনিয়োগ করার নামে যেন জনশক্তি রপ্তানি মূল উদ্দেশ্য না হয়, সেটি খেয়াল রাখতে হবে।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আফ্রিকার দেশগুলো বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ পণ্য আমদানি করলেও বাংলাদেশ থেকে আমদানি করে না। তাই আফ্রিকায় রপ্তানি বাড়ানোর জন্য দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করেন তিনি। পাশাপাশি তিনি ঢালাওভাবে বিদেশে বিনিয়োগের সুযোগ না দিয়ে প্রকল্পভিত্তিক বিনিয়োগের অনুমতি দেওয়ার প্রস্তাব করেন।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, আফ্রিকার দেশগুলোয় কৃষি খাতে বিনিয়োগ করে সাফল্য পেলে তা খাদ্য নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে। তবে ওই সব দেশগুলোয় বাংলাদেশের চেয়ে শ্রমিকের মূল্য দু-তিনগুণ বেশি হওয়ায় কতটা সফলতা আসবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী বলেন, আফ্রিকার দেশগুলোয় সহজে সেচের পানি না পাওয়ায় উৎপাদন-ব্যয় বাড়বে। তাই কৃষি খাতে বিনিয়োগ করে মুনাফা করা কঠিন হয়ে পড়বে।বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, দেশের বাজার বাড়াতে দূতাবাসগুলোকে আরও সক্রিয় হতে হবে। বেশির ভাগ দূতাবাস ব্যবসায়ীদের সহায়তা করে না বলে তিনি অভিযোগ করেন।