বিদেশে বিনিয়োগ করতে পারবেন বাংলাদেশিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৮ বছরের পুরোনো আইন সংশোধন করে শর্ত সাপেক্ষে বাংলাদেশি উদ্যোক্তাদের অন্য দেশে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুযোগ পাবেন কেবল রপ্তানিকারকেরা। তাঁরা তাঁদের রপ্তানি আয়ের একটি অংশ বিনিয়োগ করতে পারবেন।
গত সেপ্টেম্বরে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এই সুবিধা রাখা হলেও তা প্রচার পায়নি। এ নিয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য জানিয়ে একাধিক বক্তা বলেছেন, অর্থনীতির ক্ষেত্রে এটি একটি বড় ঘটনা। তবে সব ধরনের উদ্যোক্তাকেই এই সুযোগ দেওয়া প্রয়োজন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত আলোচনা সভার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের জন্য নীতিমালা প্রণয়ন’। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি মনে করেন, দেশের উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। এ জন্য একটি নীতিমালা করা প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বাংলাদেশে বিনিয়োগের বিপুল চাহিদা রয়েছে। অথচ ব্যক্তি খাতের বিনিয়োগ প্রায় একই জায়গায় স্থির হয়ে আছে। তারপরও উদ্যোক্তারা কেন অন্য দেশে বিনিয়োগ করতে চান? সরাসরি এই প্রশ্নের উত্তর দিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, বিদেশের সঙ্গে যাঁরা ব্যবসা করেন অর্থাৎ রপ্তানিকারকদের জন্য এটি ক্রেতাদের চাহিদা। যদি পণ্য তৈরি করে সরবরাহের কোনো বিকল্প উৎস থাকে, তাহলে ক্রেতারা পণ্য কেনার পরিমাণ বাড়িয়ে দেয়। কারণ, বাংলাদেশে নানা ধরনের অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, সরকার এখন বলছে আর গ্যাস দেওয়া যাবে না। বিদ্যুৎকেন্দ্রের বড় অংশই গ্যাসভিত্তিক। গ্যাসের স্বল্পতায় বিকল্প কী তাহলে? সরকার বলছে এলএনজির কথা। কিন্তু সেটি কবে হবে জানা নেই। বলছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা। কবে হবে জানি না। এমনকি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কবে হবে, তাও জানা নেই।
এ কে আজাদ বলেন, ‘আমার কাছেই যদি পুরো চিত্রটি পরিষ্কার না থাকে, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের কী বলব?’ তিনি আরও বলেন, হংকংয়ে একটি বৈঠক করে ইথিওপিয়ার বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। দেশটি জমি দিচ্ছে ৯৯ বছরের জন্য, লিজের অর্থ দিতে হবে ৪০ বছরে, বিদ্যুতের দাম মাত্র ৪ সেন্ট আর শ্রমিকপ্রতি ব্যয় হবে মাত্র ৪০ ডলার। সুতরাং সব দিক থেকে ইথিওপিয়ায় বিনিয়োগ করা লাভজনক। হাইতির কথাও বলা হচ্ছে, যদিও সেখানে শ্রমমূল্য বেশি, ২০০ ডলার। তারপরও অন্যান্য সুযোগ-সুবিধা ও মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছে বলে দ্রুত পণ্য নেওয়া সম্ভব। ফলে সেখানেও বিনিয়োগ করা লাভজনক। এ কে আজাদ আপাতত মোট ৪০০ কোটি ডলারের সীমা ঠিক করে বিনিয়োগের অনুমোদন দেওয়ার প্রস্তাব দেন।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, দেশে স্থিতিশীল নীতি নেই। এখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনার খরচ অনেক বেশি। এত উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা লাভজনক করা সহজ নয়। সুতরাং ব্যবসায়ী হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতেই অন্য দেশে বিনিয়োগ করতে আগ্রহী হতে হচ্ছে।
ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশে বিনিয়োগ করা নিয়ে একই মত পাওয়া সম্ভব নয়। টিপিপি নিয়ে যুক্তরাষ্ট্রেও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট প্রার্থীরা এর বিরোধিতা করছেন, কারণ এর ফলে মার্কিন বিনিয়োগ অন্য দেশে যাবে, এতে কর্মসংস্থান কমবে। আর্থিক সেবা খাতকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দেওয়া যায় বলে তিনি মনে করেন। অতিরিক্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকাটাও অর্থনীতির জন্য ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন শুরুতেই বলেন যে তিনি বিদেশে বিনিয়োগের বিরুদ্ধে নন। তবে এর চুলচেরা বিশ্লেষণ করা উচিত। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য দেশে কী ধরনের সুযোগ-সুবিধা আছে এবং তার নিশ্চয়তা কী, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। কারণ, হাইতি একটি অস্থিতিশীল দেশ। তিনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ কীভাবে ব্যবহার করা প্রয়োজন, তারও কিছু পরামর্শ দেন। তিনি মনে করেন, মজুত বৈদেশিক মুদ্রা দেশের ভেতরে বড় বড় অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করা প্রয়োজন। শিল্পায়নের ক্ষেত্রে এটাই বেশি প্রয়োজন। পাশাপাশি তিনি উদ্যোক্তাদের ব্যবসা নয়, উৎপাদনে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি হুমায়ুন রশীদ, মাইনুদ্দীন চৌধুরী প্রমুখ।