বিদেশে বিনিয়োগ করার সুযোগ চান ব্যবসায়ীরা
বিদেশে বিনিয়োগের সুযোগ চাইছেন দেশীয় ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এখনই বিদেশে বিনিয়োগ করার সময়। বাংলাদেশ যদি এর সুযোগ না নেয়, তবে অন্যরা নেবে।
রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনের মিলনায়তনে গতকাল সোমবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সভায় ব্যবসায়ীরা এই সুযোগ চান।
তবে ওই সভায় বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল বলেছেন, ‘এ দেশ থেকে বিদেশে বিনিয়োগ করা প্রয়োজন। তবে এখন নয়। দেশের জিডিপি প্রবৃদ্ধি যখন ৭ দশমিক ৫ শতাংশ থেকে ৮ শতাংশে উন্নীত হবে, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জিত হবে, তখনই এ সুযোগ দেওয়া উচিত।’ তিনি বলেন, ভারত তাদের ব্যবসায়ীদের জন্য বিদেশে বিনিয়োগ উন্মুক্ত করেছে তখনই, যখন তারা ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, দেশের মূলধন হিসাব অবমুক্ত নয়। অর্থাৎ দেশ থেকে কোনো মূলধন বিদেশে নিয়ে যাওয়া যায় না। কেবল চলতি হিসাব অবমুক্ত, যার মাধ্যমে বিদেশের সঙ্গে আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রয়োজনীয় লেনদেন করা যায়। তবে বছর দুয়েক আগে বাংলাদেশ ব্যাংক ‘কেচ টু কেচ’ ভিত্তিতে দু-তিনটি কোম্পানিকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কিছু খাতে দেশের সুনামধন্য কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেবে বলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে সময় বিভিন্ন সভায় বক্তব্যে বলেছেন।
গতকালের অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আমরা শুধু পণ্য উৎপাদন করি। আমাদের নিজেদের কোনো ব্র্যান্ড নেই। কিন্তু আমরা চাইলেই নিজেদের ব্র্যান্ড তৈরি করতে পারি, বিভিন্ন দেশে আমাদের পণ্যের দোকানও (রিটেল শপ) করতে পারি। এর মধ্য দিয়ে আমরা একটি দেশীয় বৈশ্বিক ব্র্যান্ড গড়ে তুলতে পারি।’
এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস-উদ দৌলা বিদেশে বিনিয়োগের সুযোগ চেয়ে বলেন, এটা হলে দেশে আয়ও আসবে। তবে বিদেশে বিনিয়োগ নিয়ন্ত্রিত হওয়া উচিত।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, সরকারের কাজ নয় কোন দেশে, কোন খাতে বিনিয়োগ করবে তা ঠিক করে দেওয়া। এটা ব্যবসায়ীদেরই ঠিক করতে হবে। তবে এই বিনিয়োগের ফলে অর্থনীতির অন্যান্য সূচকে প্রভাব পড়ে কি না, সেটাই সরকারের দেখার বিষয়। গ্যাস-বিদ্যুতের অপর্যাপ্ততা, অনুন্নত যোগাযোগব্যবস্থাসহ নানা কারণে দেশে বিনিয়োগের আগ্রহ কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।
আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সভাপতি হাফিজুর রহমান খান, সাবেক সচিব সোহেল আহমেদ চৌধুরী, ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন রশিদ, ঢাকায় মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর ডেনিয়াল কিন প্রমুখ বক্তব্য দেন।