বিদেশে বিনিয়োগের বিষয়টি বিবেচনাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এ-সংক্রান্ত নীতিমালার বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অজিত কুমার পাল। তিনি বলেছেন, এ ক্ষেত্রে ভারতসহ অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
বিদেশে বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগসংক্রান্ত নীতিমালা প্রণয়নে গঠিত কমিটির সভায় অজিত কুমার পাল এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিডার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির অন্য সদস্যরা বিদেশে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার মজুত, টাকা ফেরত আনা, কোন কোন খাতে বিদেশে বিনিয়োগের সুযোগ প্রদান করা হবে তা নির্ধারণ, দেশে কর্মসংস্থান নিশ্চিত করা ইত্যাদি বিষয় বিবেচনার পরামর্শ দেন।