বিদেশে ৪৪ মিশনের ২৩টির রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত
বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৪৪টি মিশনের মধ্যে ২৩টি চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর সময়কালে) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। অন্যদিকে ২১টি মিশন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। তবে এগুলোর মধ্যে ১৫টি মিশন গত বছরের একই সময়ের তুলনায় বেশি আয় করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে নয়াদিল্লি, দি হেগ, বার্লিন, আম্মান, অটোয়া, মাসকাট, হ্যানয়, ক্যানবেরা, হংকং, দোহা, কুয়েত, রিয়াদ, দুবাই, ব্রাসেলস, মস্কো, প্রিটোরিয়া, আঙ্কারা, প্যারিস, তাসখন্দ, ওয়াশিংটন, লন্ডন, স্টকহোম, সিঙ্গাপুর ও মাদ্রিদ মিশন লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে।অন্যদিকে ২১টি মিশন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। তবে এগুলোর মধ্যে ১৫টি মিশন গত বছরের একই মাসের তুলনায় বেশি আয় করেছে। এই মিশনগুলো হলো—নাইরোবি, মানামা, সিউল, বেইজিং, কাঠমান্ডু, ইসলামাবাদ, দোহা, ম্যানিলা, রাবাত, টোকিও, তেহরান, থিম্পু, রোম, কায়রো ও কলম্বো। আর ত্রিপোলি, ব্যাংকক, জাকার্তা, কুয়ালালামপুর, ব্রুনাই ও ইয়াঙ্গুন মিশন লক্ষ্যমাত্রা পূরণ তো করতে পারেইনি, আগের ২০০৯-১০ অর্থবছরের একই সময়ের চেয়েও কম রপ্তানি আয় করেছে। ইপিবি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মিশনগুলোর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭১৪ কোটি সাড়ে ২৮ লাখ ডলার। এ সময়ে আয় হয়েছে ৮২৭ কোটি ৫৩ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৫ দশমিক ৮৫ শতাংশ বেশি। তবে আলোচ্য সময়ের মিশনগুলোর রপ্তানি আয় ২০০৯-১০ অর্থবছরের উল্লিখিত সময়ের রপ্তানি আয় ৬০৯ কোটি সাড়ে ৮৫ লাখ ডলারের তুলনায় ৩৫ দশমিক ৮০ শতাংশ বেশি হয়েছে। আলোচ্য সময়ে মিশনগুলোর মধ্যে ১০০ কোটি ডলারের বেশি রপ্তানি আয় করেছে দুটি মিশন। এই মিশনগুলো হলো—ওয়াশিংটন ২০৩ কোটি ৪০ লাখ ডলার এবং বার্লিন ১২৫ কোটি ৩৬ লাখ ডলার।