বিদ্যমান অবকাঠামো ট্রানজিটের জন্য মোটেই উপযুক্ত নয়: মুহিত
আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ট্রানজিট দরকার। আর ট্রানজিটের জন্য দরকার অবকাঠামো উন্নয়ন। কিন্তু বাংলাদেশের বিদ্যমান অবকাঠামো ট্রানজিটের জন্য মোটেই উপযুক্ত নয়।‘কো-অপারেটিভ ডেভেলপমেন্ট, পিস অ্যান্ড সিকিউরিটি ইন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া: স্ট্রেনদেনিং ইন্ডিয়া বাংলাদেশ-রিলেইশনস’ শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ অভিমত প্রকাশ করেছেন।ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় যৌথভাবে এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) ও সেন্টার ফর রিসার্চ ইন রুরাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট (সিআরআরআইডি)।ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য এতে বিশেষ অতিথি ছিলেন। এতে যুগ্মভাবে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এবং সিআরআরআইডির নির্বাহী ভাইস চেয়ারম্যান রসপাল মালহোত্রা।রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে দুই দিনব্যাপী এ সংলাপের উদ্বোধন ছিল গতকাল শনিবার।অনুষ্ঠানে ট্রানজিট বিষয়ে অর্থমন্ত্রী জানান, ১৯৪৭ সাল থেকেই ভারতের সঙ্গে এ ভূখণ্ডের তা আছে। মাঝখানে ১৯৬৫ সালে সংঘটিত যুদ্ধের কারণে কিছুদিন বিরতি ছিল। তবে সব সময়ই চেষ্টা করা হয়েছে এর সর্বোচ্চ সুবিধা কীভাবে পাওয়া যায়। কিন্তু বেশির ভাগ সময়ই সর্বনিম্ন সুবিধা ব্যবহার করা গেছে।ট্রানজিট নিয়ে তাই এখন ভিন্নভাবে ভাবতে হবে বলে মনে করেন মুহিত। তিনি বলেন, ‘গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না। কারণ, আধুনিক প্রযুক্তির যুগে অবৈধ পণ্য আসা-যাওয়া হচ্ছে কি না, যাচাই করা খুবই সহজ।’অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বিদ্যমান অবকাঠামো ট্রানজিটের জন্য উপযুক্ত নয়। তাই ট্রানজিটের জন্য অবকাঠামো উন্নয়ন জরুরি। আর, অন্যদিকে দরকার হলো উভয় দেশের বিদ্যমান মানসিকতার পরিবর্তন। তবে সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা।যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ-সহযোগিতা বাড়লে অন্য সমস্যাগুলো তেমন কোনো সমস্যা হিসেবে থাকবে না বলেও মনে করেন অর্থমন্ত্রী। হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিশ্বের অন্য জায়গায় অনেক বেশি হলেও আমাদের আঞ্চলিক বাণিজ্য এখনো পাঁচ শতাংশেই আটকে রয়েছে।’আঞ্চলিক উন্নয়নে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানিবিষয়ক আলাদা বোর্ড গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এটি হলে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ত্বরান্বিত হবে।ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য জানান, ১০০ কোটি ডলারের ভারতীয় ঋণে প্রতিশ্রুত অবকাঠামো প্রকল্পগুলোর কয়েকটিতে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। অন্যদিকে, বাংলাদেশি পণ্যের জন্য ভারতের দ্বারও খোলা। বাংলাদেশ বিপুল পরিমাণ রপ্তানি করতে পারে ভারতে এবং এ ক্ষেত্রে দৃশ্যমান কোনো অশুল্ক-বাধা নেই।১৯৪৭ সালে দেশভাগের সময় যে সীমান্তরেখা হয়, তা নতুনভাবে করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সঞ্জয় ভট্টাচার্য। বলেন, কোনো বাড়ি বা গ্রামের মধ্য দিয়ে সীমান্তরেখা গেছে, এটা একটা সমস্যা। আলোচনার ভিত্তিতে তা নতুন করে নির্ধারণ করা যেতে পারে। আগামী দিনে কয়েকটি ‘ইনটিগ্রেটেড বর্ডার পয়েন্ট’ হচ্ছে বলে জানান সঞ্জয়।ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার বলেন, চোরাচালান, মানব পাচার ও মাফিয়া কার্যক্রম দূর করতে যৌথ টহল ও নৈশ কারফিউ-ব্যবস্থা জারি করা যেতে পারে। উভয় দেশের জন্যই তা সহায়ক হবে বলে মনে করেন তিনি।বাংলাদেশের প্রাণ গ্রুপ ও রহিমআফরোজের ভারতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে সঞ্জয় ভট্টাচার্য বলেন, ভারতের কিছু কোম্পানিও বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে।সঞ্জয় আরও বলেন, ‘আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নই উভয় দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ করবে। তবে জনগণ যদি সম্পর্কযুক্ত হয়েই যায়, তাহলে কেউ আর তা থামাতে পারবে না।’উদ্বোধন ছাড়াও গতকাল প্রথম দিন ‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা’, ‘বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা’ এবং ‘সীমান্ত অবকাঠামো ও সীমান্ত ব্যবস্থাপনা’ শীর্ষক তিনটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়।আজ রোববার ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা সহযোগিতা’, ‘আঞ্চলিক যোগাযোগ: বাংলাদেশ-ভারতের লাভবান হওয়ার সম্ভাবনা’ বিষয়ের ওপর দুই কার্য অধিবেশনের পর সন্ধ্যায় অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি থাকবেন।