বিদ্যমান ট্রানজিট বিধিমালা বাতিল করা হচ্ছে
জারি করার এক বছরের কম সময়ের মধ্যে ট্রানজিট-সংক্রান্ত বিদ্যমান বিধিমালা বাতিল করা হচ্ছে। শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করবে।এই বিধিমালা বাতিল হলে আপাতত স্থল, রেল ও নৌপথে ভারতসহ অন্যান্য দেশের পণ্য বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করতে কোনো ট্রানজিট বা ট্রানশিপমেন্ট-সংক্রান্ত মাশুল দিতে হবে না। কেননা, বিধিমালা না থাকায় ট্রানজিট-সংক্রান্ত মাশুল আদায়ের আইনগত দিক আর রইল না।ইতিমধ্যে ট্রানজিট বিধিমালা বাতিল করাসংক্রান্ত এনবিআরের পাঠানো সারসংক্ষেপে অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী। গত রোববার এই অনুমোদন এনবিআরে পাঠিয়েও দেওয়া হয়েছে। এখন এনবিআরের কর্মকর্তারা ট্রাজিট বিধিমালা বাতিলসংক্রান্ত এসআরও তৈরি করছেন।প্রসঙ্গত, গত সপ্তাহে ট্রানজিট বিধিমালা বাতিলসংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।ট্রানজিট বিধিমালা বাতিলসংক্রান্ত সারসংক্ষেপে বলা হয়েছে, ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট-সুবিধা দিতে সরকার একটি পূর্ণাঙ্গ ট্রানজিট-ব্যবস্থা তৈরির জন্য বাংলাদেশ ট্যারিফ কমিশনের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। কমিটি ইতিমধ্যে একটি প্রতিবেদন তৈরি করেছে। এই কমিটির প্রতিবেদন অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ট্রানজিট-ব্যবস্থা গড়ে তোলা হবে। এনবিআর বলছে, এমতাবস্থায় বিদ্যমান ট্রানজিট বিধিমালা কার্যকর থাকলে মাশুল আদায়সহ অন্যান্য কার্যক্রমে জটিলতা তৈরি হবে। ট্রানজিট বিধিমালা বাতিলের পক্ষে সারসংক্ষেপে এ ধরনের যুক্তি দেখানো হয়েছে। জানা গেছে, মূলত সরকারের উচ্চ মহলের চাপেই এই ট্রানজিট বিধিমালা বাতিল করা হচ্ছে।এদিকে ট্রানজিট বিধিমালা বাতিল হলে ভারতীয় পণ্য নৌপথে আশুগঞ্জ এসে স্থলপথে আগরতলা (ত্রিপুরা) যেতে পারবে না। সম্প্রতি ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি এই রুট ব্যবহার করে ট্রানশিপমেন্ট-সুবিধা নিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ।এর আগে গত বছরের অক্টোবর মাসে দুটি পণ্যবাহী জাহাজ নৌপথে ট্রানজিট নিতে চাইলে তা আটকে দেন বাংলাদেশের কাস্টমস কর্মকর্তারা। তখন উদ্ভূত জটিলতা এড়াতে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপে ট্রানজিট বিধিমালার আংশিক (নৌপথে ট্রানজিট) স্থগিত করা হয়। আর মাশুল ছাড়াই পণ্য ছাড় করে ভারতীয় পক্ষ।মূলত সে সময়ে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের একটি চিঠির জের ধরে ভারত কোনো ট্রানজিট মাশুল দিতে আপত্তি জানায়। উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও এনবিআরকে এক পত্রে জানিয়েছিলেন, সরকার ট্রানজিট মাশুল মওকুফ করে দেওয়ার কথা চিন্তা করছে। কাজেই এ-সংক্রান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের মাশুল আদায় যেন স্থগিত করা হয়।এই নিয়ে বড় ধরনের বিতর্ক ও বিভ্রান্তি দেখা দেয়। পরবর্তী সময়ে উপদেষ্টা মসিউর রহমান একাধিকবার প্রকাশ্যে ভারতকে ট্রানজিট বা ট্রানশিপমেন্ট-সুবিধা দেওয়ার বিনিময়ে কোনো ধরনের মাশুল আদায়ের বিরোধিতা করেন। এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুসারে এ ধরনের মাশুল আদায়ের কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।কিন্তু অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা এই দাবিকে সমর্থন দেননি। তাঁরা বলেন, ডব্লিউটিওর বিধি মেনেই বাংলাদেশ ট্রানজিটের বিপরীতে প্রদেয় সেবার জন্য মাশুল আদায় করতে পারে।উল্লেখ্য, সরকার গত অর্থবছরের বাজেটে ট্রানশিপমেন্ট ও ট্রানজিট পণ্যের কাস্টমস বিধিমালা ২০১০ জারি করে, যা ১ জুলাই থেকে কার্যকর হয়। ট্রানজিট বিধিমালায় সড়ক বা রেলপথে প্রতি ২০ ফুট কনটেনারের জন্য ১০ হাজার টাকা, কাভার্ড ভ্যান বা ট্রাকে প্রতি টনে এক হাজার টাকা এবং বাল্ক পণ্যে প্রতি টনে এক হাজার টাকা ট্রানজিট ফি নির্ধারণ করা হয়েছিল। ট্রানজিট ফি ছাড়াও স্ক্যানিং চার্জ ও শুল্ক ব্যতীত অন্য চার্জ বা টোল প্রযোজ্য হবে বলে বিধান রাখা হয়েছিল। এদিকে ট্যারিফ কমিশনের নেতৃত্বাধীন ট্রানজিট-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত অবকাঠামোর অভাবে আগামী তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সরকার নতুন করে ট্রানজিট-ব্যবস্থা চালু না করলে শুধু নৌপথেই ট্রানজিট হবে, যে সুবিধা পাবে শুধু ভারত। তবে রেল বা সড়কপথে ভারত, নেপাল ও ভুটান কেউই এখন আর ট্রানজিট-সুবিধা পাবে না।১৯৭২ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌ-প্রটোকলের আওতায় নৌপথেই ভারতীয় পণ্যবাহী যান বাংলাদেশের ভূখণ্ড পার হবে। আর এই নৌ-প্রটোকলের আওতায় কোনো ট্রানজিট মাশুল নেওয়ার বিধান নেই। নদীর নাব্যতা রক্ষায় খননের জন্য ভারতীয় কর্তৃপক্ষ শুধু প্রতিবছর পাঁচ কোটি টাকা অর্থ পরিশোধ করে থাকে।এই প্রটোকলের আওতায় নৌরুটে ভারতীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য নিয়ে যান। কয়েকটি নৌরুট ট্রানজিট-সুবিধার আওতায় থাকলেও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত রুট শেখবাড়িয়া থেকে চাঁদপুর ও আশুগঞ্জ হয়ে সিলেটের জকিগঞ্জ রুটটি বেশি ব্যবহূত হয়।