বিদ্যমান পরিস্থিতি অর্থনীতির জন্য নারকীয়: মুহিত
দেশের বিদ্যমান পরিস্থিতি অর্থনীতির জন্য নারকীয় বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আর এ জন্য দায়ী বিএনপির হীন রাজনৈতিক কর্মসূচি। দলটির এ কর্মসূচিকে ‘স্টুপিড’ কর্মসূচি বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে রাজনৈতিক বিষয় নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে তেমন কোনো আলোচনা হয়নি। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ইইউ উদ্বেগজনক বলেছে। আমি জবাবে বলেছি, আমরাও উদ্বিগ্ন।’
বিএনপির টানা অবরোধ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে মুহিত বলেন, এগুলো অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। দেশের অর্থনীতির জন্য এগুলো নারকীয় (হেলিশ) এবং বিএনপি ‘স্টুপিড’ রাজনৈতিক কর্মসূচি পালন করছে।
পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের করণীয় কী, জানতে চাইলে মুহিত বলেন, হয়তো করার আছে, কিন্তু তিনি এ ব্যাপারে কোনো মতামত দিতে বা মন্তব্য করতে চান না।
অর্থমন্ত্রী বলেন, একটি বছর বেশ ভালোই গেল। কিন্তু এই জানুয়ারিতে যে বিরূপ পরিস্থিতি এতটা লম্বা হয়ে যাবে, তিনি বুঝতে পারেননি। তবে এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদ তাঁর।
কীভাবে ঠিক হয়ে যাবে, জানতে চাইলে অর্থমন্ত্রী সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘এটা আমার ব্যক্তিগত আশাবাদ। সরকারের বক্তব্য নয়।’
দুই-তিন বছর পর কোনো রাজনৈতিক দলের হরতাল কর্মসূচিই সফল হবে না এবং সাধারণ মানুষ এগুলো মানবে না বলে মনে করেন অর্থমন্ত্রী।
এফবিসিসিআই হরতাল-অবরোধ বন্ধে আইন প্রণয়নের দাবি তুলেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘এতে ভালো চাপ তৈরি হবে। আমি সমর্থন করব।’
দুঃসংবাদ দিলেন ইইউ রাষ্ট্রদূত: অর্থমন্ত্রী বলেন, ইইউ রাষ্ট্রদূত তাঁকে একটি দুঃসংবাদ দিয়েছেন। আর সেটি হচ্ছে সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি (স্ট্রেনদেনিং পাবলিক এক্সপেনডিচার ম্যানেজমেন্ট প্রোগ্রাম—এসপিইএমপি) ইইউ আর চালু রাখতে চায় না।
এসপিইএমপি মূলত বাজেট প্রণয়ন ও ব্যয়সংক্রান্ত একটি সংস্কার কর্মসূচি। এ ধরনের কর্মসূচি দীর্ঘ মেয়াদে চালু থাকা উচিত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অন্য উন্নয়ন-সহযোগীদের সঙ্গে এর গুরুত্ব তুলে ধরে তিনি আলোচনা করবেন।
ইইউ, বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি), ড্যানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডানিডা), কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা) এসপিইএমপিতে অর্থায়নকারী সংস্থা। ইইউ কেন এই কর্মসূচিতে আর অর্থায়ন করবে না, সে ব্যাপারে ইইউর ব্যাখ্যার কথা জানাননি অর্থমন্ত্রী, নিজেও কোনো ব্যাখ্যা দেননি তিনি।
প্রসঙ্গত, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং পরিকল্পনা কমিশনের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হয়ে আসছে। ডিএফআইডি ৯০ দশকের মাঝামাঝি এ কর্মসূচিতে অর্থায়ন শুরু করে।