বিদ্যমান বাণিজ্য সম্পর্ক রক্ষা করতে চায় যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেগ হ্যান্ডস
গ্রেগ হ্যান্ডস

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক রয়েছে, ব্রেক্সিট কার্যকরের পর যুক্তরাজ্য সে সম্পর্কই বজায় রাখতে চায়। প্রয়োজনে বাণিজ্য বাড়াতে সম্পর্ক আরও নিবিড় করার চেষ্টা চালাবে দেশটি।
যুক্তরাজ্যের এক এমপির করা প্রশ্নের দেওয়া লিখিত জবাবে গতকাল মঙ্গলবার দেশটির বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক প্রতিমন্ত্রী গ্রেগ হ্যান্ডস এসব কথা বলেন। তিনি বলেন, মুক্ত ও উদার বাণিজ্য নীতিতে বিশ্বাস করে যুক্তরাজ্য। প্রশ্নের উত্তরটি লিখিত আকারে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
পূর্ব লন্ডনের ইস্ট হ্যাম আসনের লেবার দলীয় এমপি স্টিফেন টিমস এক লিখিত প্রশ্নে সরকারের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের কাছে জানতে চান, ইইউ ত্যাগ করার পর যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সমান বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে কি না, যেটা ইইউ নীতির মাধ্যমে নির্ধারিত হয়েছে।
জবাবে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক প্রতিমন্ত্রী গ্রেগ হ্যান্ডস বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য বিদ্যমান সম্পর্কই বজায় রাখতে চায় এবং বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করবে দেশটি। বিনিয়োগ ও বাণিজ্যের জন্য যুক্তরাজ্য যে একটি শক্তিশালী অংশীদার হতে পারে সে বিষয়ে আশ্বস্ত করতে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক হচ্ছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য-সুবিধার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো যাতে নিজ দেশের দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত করতে পারে, সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে যুক্তরাজ্য। ইইউ থেকে উত্তরণকালীন সময়ে (ইইউ ত্যাগ করে নতুন নীতি প্রণয়নের সময়কাল) সম্ভাব্য বাণিজ্য বিশৃঙ্খলা ঠেকানোর প্রয়োজনীয়তার বিষয়েও সরকার অবগত রয়েছে বলে জানান তিনি।

২৮ দেশের জোট ইইউ থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার বিষয়টিকে বলা হচ্ছে ব্রেক্সিট, যা ‘ব্রিটেন এক্সিট’-এর সংক্ষেপিত রূপ। এই জোটের দেশগুলো একক চুক্তিতে ইইউ-বহির্ভূত দেশগুলোর সঙ্গে বাণিজ্য করে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে বর্তমান বাণিজ্য সম্পর্ক, তা ইইউ কাস্টমস ইউনিয়নের মাধ্যমেই নির্ধারিত। এখন যুক্তরাজ্য ইইউ জোট ছেড়ে বেরিয়ে গেলে দেশটির বাণিজ্য নীতি কেমন হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

২০১৬ সালের জুন মাসে অনুষ্ঠিত এক গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইইউ ত্যাগ করার পক্ষে রায়। দুই বছরের মধ্যে সম্পর্ক চুকিয়ে যুক্তরাজ্য ইইউ জোট থেকে বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।