বিদ্যমান সুবিধার আর্থিক মূল্য আগে বিবেচনা করতে চায় অর্থ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামো অনুমোদনের ব্যাপারে নানান শর্ত আরোপ করতে চাইছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় বলছে, সরকারি ও স্বায়ত্তশাসিত অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। স্বতন্ত্র কাঠামো অনুমোদনের আগে সেগুলোর আর্থিক মূল্যও বিবেচনায় নেওয়া হবে। মন্ত্রণালয়ের সূত্র বলছে, জমি কেনা, গৃহনির্মাণ, ফ্ল্যাট কেনা এবং গাড়ি কেনা বাবদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে ৫ শতাংশ হারে (ব্যাংক হার) ঋণ পান। অর্থ মন্ত্রণালয় এখন এসব সুবিধার আর্থিক মূল্য বর্তমান বেতনকাঠামোর মধ্যে যুক্ত করে দেখতে চায়—তাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সরকারি অন্যান্য খাতের চেয়ে কত বেশি পান। এ বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একটি বৈঠক ডাকা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ চলতি বছরের শুরুতে স্বতন্ত্র বেতনকাঠামোর একটি খসড়া তৈরি করে। অনুমোদনের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংক গত ২৩ মার্চ তা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠায়।তবে ১৯৯৬ সালের কার্যপ্রণালি বিধি অনুযায়ী বেতনকাঠামো প্রণয়নসংক্রান্ত কার্যাবলি যেহেতু অর্থ বিভাগের এখতিয়ারভুক্ত, তাই বেতনকাঠামো, বেতনের অনুপাত, বাস্তবায়ন পদ্ধতি, কাল ও ধাপ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। নয় সদস্যের এ কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ। প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সংস্থাপন, আইন ও সংসদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কমিটির ছয় সদস্য। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (কার্যক্রম) এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান কমিটির অন্য দুই সদস্য। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে অর্থ বিভাগ। কার্যক্রম শুরুর এক মাসের মধ্যে স্বতন্ত্র বেতনকাঠামো-সংক্রান্ত সুপারিশ প্রণয়নের কথা থাকলেও তিন মাসেও কমিটি তা পারেনি বলে জানা গেছে। এদিকে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কিছু আইনি প্রতিবন্ধকতা রয়েছে। চাকরি (পুনর্গঠন ও শর্তাবলি) আইন, ১৯৭৫-এর ৫(১) ধারা অনুযায়ী অভিন্ন বেতনকাঠামো ও গ্রেডের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশ ব্যাংককে এই আইনের আওতার বাইরে রাখতে হবে। সে জন্য আইন সংশোধন জরুরি। তবে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ব্যাংক (সংশোধন) আইন, ২০০৩-এর মাধ্যমে সন্নিবেশিত ৮২ (২এ) ধারাবলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়ন করা সম্ভব। সূত্রে জানা গেছে, জমি কেনা, কেনা জমিতে গৃহনির্মাণ অথবা তৈরি ফ্ল্যাট কেনার জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। জমি কিনে গৃহনির্মাণ করলে তিন কিস্তিতে ঋণের টাকা দেওয়া হয়। প্রতিটি ধাপেই ঋণ নেওয়া টাকার ব্যবহার সম্পর্কে সরেজমিন পরিদর্শন করা হয়।তবে ফ্ল্যাট কেনার জন্য টাকা দিয়ে দেওয়া হয় এককালীন। উভয় ক্ষেত্রেই সুদের হার ৫ শতাংশ। প্রথম বছর বাদ দিয়ে দ্বিতীয় বছর থেকে কিস্তি ফেরত নেওয়া শুরু হয় এবং তা চলতে থাকে চাকরির মেয়াদকাল পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, স্বল্প সুদে এত বেশি পরিমাণে ঋণসুবিধা সরকারি চাকরির ক্ষেত্রে অন্যরা কেউই পান না। স্বতন্ত্র বেতনকাঠামো অনুমোদনের ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব সহকারে ভাবা হবে। ওদিকে গাড়ি কেনার জন্যও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভালো অঙ্কের ঋণ পান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য হলো, বছরে দুই হাজার থেকে দুই হাজার ২০০ কোটি টাকা সরকারকে আয় করে দেয় বাংলাদেশ ব্যাংক। সেখানে গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হয় ঠিক, কিন্তু সরকারের অনেক দপ্তরে তো গাড়িই কিনে দেওয়া হয়। তা ছাড়া উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কোনো পিয়ন দেওয়া হয় না। সব কাজ নিজেদেরই করতে হয়।উন্নত দেশগুলোর কথা বাদ দিলেও প্রতিবেশী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের বেতনকাঠামোর সঙ্গে তুলনা করতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তারা প্রতিবছরই কম বেতনের কারণে বেসরকারি ব্যাংকে যোগ দেন। তা ছাড়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র পরিচালিত সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বেতনের পার্থক্য না থাকাটাও তাঁদের মনোবেদনার কারণ।যোগাযোগ করলে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত প্রথম আলোকে বলেন, অন্য দেশের মতো বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামো হওয়া উচিত। সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের জন্যও অভিন্ন বেতনকাঠামোর সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবুল বারকাত বলেন, বাংলাদেশ ব্যাংক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের বিভিন্ন পর্যায়ে দক্ষ কর্মকর্তারা রয়েছেন। তাঁদের জন্য রাষ্ট্রের অনেক বিনিয়োগ হয়েছে। সুতরাং সেবার মান ঠিক রাখার জন্য অবশ্যই স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়ন করা দরকার এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাঠামো হওয়া দরকার তুলনামূলক বেশি।