বিদ্যুতের গ্রাহক, বাড়ি-গাড়ির মালিক ও ক্রেডিট কার্ডধারীরা করজালে আসবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামের সব বিদ্যুৎ -গ্রাহক এবং বাড়ি-গাড়ির মালিকদের করজালের আওতায় আনতে যাচ্ছে সরকার। তাঁদের সবাইকে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এখন চলছে তাঁদের শনাক্ত করার প্রক্রিয়া। এমনকি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের করজালের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে এমন সাড়ে চার লাখের বেশি ব্যক্তির তথ্য সংগ্রহ করে ফেলেছে আয়কর বিভাগ। নতুন বিদ্যুৎ -সংযোগ কিংবা ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা বাধ্যতামূলক। এমনকি ভবনের নকশা অনুমোদন নেওয়ার পাশাপাশি জমি বা ফ্ল্যাট নিবন্ধন নিতেও টিআইএন লাগে। আর গাড়ির নিবন্ধন নিতেও টিআইএন প্রয়োজন। এই টিআইএনের সূত্র ধরেই বিদ্যুতের গ্রাহক, বাড়ি-গাড়ির মালিক ও ক্রেডিট কার্ডধারীদের খুঁজে বের করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এসব টিআইএনধারী নিয়মিত আয়কর দিচ্ছেন কি না। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, টিআইএন থাকলেই বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। এমনকি করযোগ্য আয় না থাকলেও বিবরণী জমা দিতে হয়। কয়েক মাস ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছ থেকে সেবা গ্রহণকারীদের তালিকা সংগ্রহ করছে আয়কর বিভাগ। আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ জরিপের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হচ্ছে। এসব সরকারি সংস্থার সেবা গ্রহণকারীরা কোন কর অঞ্চল থেকে টিআইএন নিয়েছেন এবং বছর শেষে নিয়মিত আয়কর বিবরণী জমা দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখবে এনবিআর। কেউ যদি আয়কর বিবরণী জমা না দেন, তবে সংশ্লিষ্ট কর অঞ্চল বা সার্কেল অফিস থেকে ওই ব্যক্তিকে আয়কর বিবরণী জমা দেওয়ার জন্য দাবিনামা পাঠানো হবে। এর পরও যদি আয়কর বিবরণী বা আয়কর না দেন, তবে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে। এ প্রসঙ্গে আয়কর কর্মকর্তারা জানান, রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বাড়ি-গাড়ির মালিকেরা কমবেশি সবাই করযোগ্য। তাঁরা সবাই বাড়ির নকশা অনুমোদন ও বিদ্যুৎ -সংযোগ এবং গাড়ির নিবন্ধন নিতে টিআইএন নেন। কিন্তু বছর শেষে আর আয়কর বিবরণী জমা দেন না অনেকেই। এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে সাড়ে পাঁচ লাখ বিদ্যুৎ -গ্রাহকের তথ্য পেয়েছে এনবিআরের আয়কর বিভাগ। এর মধ্যে ডিপিডিসির কাছ থেকে চার লাখ ৫৩ হাজার ১৬৮ জন বিদ্যুৎ -গ্রাহকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে চট্টগ্রামের তিনটি কর অঞ্চল থেকে আরও এক লাখ গ্রাহকের সন্ধান পাওয়া গেছে। ঢাকার কর অঞ্চল-১ থেকে সবচেয়ে বেশি এক লাখ ৩০ হাজার ২৬৬ জন বিদ্যুৎ -গ্রাহক পাওয়া গেছে। এর পরে রয়েছে কর অঞ্চল-৫, যেখানে গ্রাহকসংখ্যা এক লাখ দুই হাজার ৮০১ জন। এ ছাড়া কর অঞ্চল-২-এ ২১ হাজার ৫২৮ জন, কর অঞ্চল-৩-এ ৬১ হাজার ৫৪৭ জন, কর অঞ্চল-৪-এ ৪৩ হাজার ৮৭৬ জন, কর অঞ্চল-৬-এ ৩০ হাজার ১৩২ জন এবং কর অঞ্চল-৭-এ ৬৩ হাজার ১৮ জন বিদ্যুৎ -গ্রাহকের খোঁজ পেয়েছে আয়কর বিভাগ। ক্রেডিট কার্ডধারী করদাতা অনুসন্ধান কার্যক্রম কিছুটা পিছিয়ে রয়েছে। এ পর্যন্ত একটি বাণিজ্যিক ব্যাংক থেকে মাত্র চার হাজার ১৭০ জন ক্রেডিট কার্ডধারীর সন্ধান পেয়েছে আয়কর বিভাগ। অথচ ২০০৯ সালের এপ্রিল মাসে এনবিআর প্রায় পাঁচ লাখ ক্রেডিট কার্ডধারীকে করজালে সম্পৃক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেছিল এনবিআর। এ ছাড়া সব নতুন ভবন নির্মাণকারী, নৌযান, জমি, ফ্ল্যাট, গাড়ির মালিকেরাও করজালের আওতায় আসছেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ভূমি নিবন্ধন অফিস থেকে সংশ্লিষ্ট সেবাভোগকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব অফিস থেকে মোট ছয় হাজার ৩০৫ জনের তথ্য সংগ্রহ করেছে আয়কর বিভাগ। এনবিআরের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) শম্ভুনাথ দাস প্রথম আলোকে জানান, সব টিআইএনধারীর বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে হবে। কিন্তু নিজের প্রয়োজনে টিআইএন নিয়ে তাঁরা আর রিটার্ন দিচ্ছেন না। অভ্যন্তরীণ জরিপের মাধ্যমে তাঁদের খুঁজে বের করা হচ্ছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সরকারি-বেসরকারি সেবা নিতে টিআইএন থাকা বাধ্যতামূলক, এমন খাতের ব্যক্তিদের বার্ষিক আয়কর বিবরণী দাখিলে উৎ সাহিত করতে পারলেই করজালে নিয়মিত করদাতার সংখ্যা অনেক বেড়ে যাবে। এ জন্য আয়কর কর্মকর্তাদের খুব বেশি পরিশ্রম করতেও হবে না। অভ্যন্তরীণ জরিপ কার্যক্রমের মাধ্যমেই এসব ব্যক্তিকে চিহ্নিত করা সবচেয়ে সহজ।