বিদ্যুতের ঘাটতি এখনো সবচেয়ে বড় হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন খাতে মিশ্র প্রবণতা থাকলেও অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি বেশ ভালো বলে মনে করছে ব্যবসায়ী-শিল্পপতিদের অন্যতম সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।সংগঠনটি আরও মনে করে, সার্বিকভাবে বিনিয়োগের চিত্র মন্দাচ্ছন্ন থাকলেও ক্রমেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ার বিষয়টি নির্ভর করছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারির সাফল্যের ওপর।চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর) বাংলাদেশের অর্থনীতির ওপর এমসিসিআই যে পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতে এসব অভিমত প্রকাশ করা হয়েছে।এমসিসিআই মনে করে, ২০০৯-১০ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা ধীরগতি থাকলেও বছর শেষে তা ছয় শতাংশ অর্জন করতে সক্ষম হয়েছে, যদিও এ ব্যাপারে উন্নয়ন সহযোগীরা ছিল নৈরাশ্যবাদী এবং তারা বলেছিল, সাড়ে পাঁচ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হবে না। এ বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতির যে গতি রয়েছে, তাতে চলতি অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না বলেই এমসিসিআই মনে করে।এডিপি বাস্তবায়নে উন্নতি ঘটানোর মাধ্যমে সরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কার্যক্রমের সাফল্যজনক প্রাতিষ্ঠানিকীকরণ বেসরকারি বিনিয়োগকে টেনে আনতে সহায়তা করবে বলেও এমসিসিআই মনে করে।প্রতিবেদনে বলা হয়েছে, বিগত দুটি বছরে কৃষি খাত যে সাফল্য দেখিয়েছে, তা এ বছরও থাকবে। এ খাতে চার থেকে পাঁচ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন খুব একটা কঠিন হবে না। এমসিসিআই মনে করে, এ বছর শস্য খাতের উৎপাদন গত বছরকে ছাড়িয়ে যাবে।তবে বড় ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধি এখনো প্রত্যাশিত পর্যায়ে আসতে পারেনি। এ দশকের মাঝামাঝি যে ঐতিহাসিক প্রবৃদ্ধি বড় ও মাঝারি শিল্প খাতে এসেছে, সেটি পুনরুদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে। এমসিসিআই মনে করে, গ্যাস ও বিদ্যুতের সমস্যার কারণে শিল্প খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতের অবস্থা আগের অর্থবছরের মতোই আছে। যদিও বিদ্যুৎ চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। সংগঠনটি মনে করে, বিদ্যুতের ঘাটতি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় হুমকি। এমসিসিআই বলছে, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা ওঠা-নামা করছে চার হাজার ২০০ মেগাওয়াট থেকে ছয় হাজার মেগাওয়াট পর্যন্ত। আগামী দুই বছরে এটি ছয় হাজার ৮৫০ মেগাওয়াট পর্যন্ত উঠবে বলে প্রক্ষেপণ করা হচ্ছে। কিন্তু বর্তমানে তিন হাজার ৮০০ থেকে চার হাজার ২০০ মেগাওয়াটের মধ্যেই বিদ্যুতের উৎপাদন সীমাবদ্ধ আছে। এতে বাংলাদেশের শিল্প খাতের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হুমকির মধ্যে পড়ছে। বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ধরনের হুমকিতে রয়েছে। বিদ্যুতের সরবরাহ পর্যাপ্ত না হলে সময়মতো ক্রেতাদের পোশাক সরবরাহ করতে পারবে না বলে অনেক মালিক এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন।স্বল্পমেয়াদি এই ঘাটতি পূরণের জন্য সরকার যে ডিজেল ও ফার্নেস অয়েল ভিত্তিতে ভাড়া করা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে, এতে উৎপাদন বাড়লেও খরচ বাড়বে। একই সঙ্গে প্রতিযোগিতা-সক্ষমতা কমিয়ে দেবে।তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের রপ্তানি-আমদানি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এমসিসিআই। জুলাই-আগস্টে মোট রপ্তানি হয়েছে ৩৬১ কোটি ৫৭ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮০ কোটি ৮৫ লাখ ডলার বা ২৮ দশমিক ৮ শতাংশ বেশি। উল্লিখিত সময়ে আগের বছরের আমদানি কার্যক্রমের তুলনায়ও এ বছর আমদানি ৩৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে চলতি অর্থবছরের প্রথম দিকে বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছে। অর্থবছরের প্রথম মাসে বাণিজ্য ঘাটতি ছিল ১২ কোটি ৯০ লাখ ডলার। গত বছর এটি ছিল ১১ কোটি ৩০ লাখ ডলার। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে এই ঘাটতি বেড়েছে।মূল্য-পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে এমসিসিআই বলেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের মূল্যপ্রবণতায় প্রতীয়মান হয় যে, মূল্যস্ফীতির হার এখনো চড়া এবং সামনের মাসগুলোয় উচ্চমূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকবে। বিশ্বমন্দা থেকে ঘুরে দাঁড়ানোর প্রভাবে বিনিয়োগের জন্য ঋণের চাহিদা বাড়বে, যা একপর্যায়ে চাহিদাজনিত মূল্যস্ফীতি উসকে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় চাহিদা ও সরবরাহ উভয় দিক থেকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে মেট্রো চেম্বার।