আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাব জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নির্বাহী আদেশ স্থগিত করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রতি আহ্বান জানিয়েছে।রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্যাবের সভাপতি কাজী ফারুক বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে ভোক্তারা আইনের আশ্রয় নেবেন।দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া।এম শামসুল আলম বলেন, অস্বাভাবিক দ্রুততায় বিদ্যুতের দাম বাড়ানোর পাঁচটি প্রস্তাবের ওপর বিইআরসিতে একাধিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো), ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) প্রভৃতি সংস্থা তাদের প্রস্তাবের যৌক্তিকতা দেখাতে পারেনি। বিইআরসিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সব প্রস্তাবই বিভিন্ন দিক দিয়ে ত্রুটিপূর্ণ ছিল। প্রস্তাবগুলো আমলযোগ্যও ছিল না।ক্যাব জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জের ধরে পরিবহন ভাড়া না বাড়ানোর জন্য পরিবহনমালিকদের প্রতি আহ্বান জানিয়েছে। শামসুল আলম বলেন, এ সরকারের আমলে বিদ্যুতের দাম আর বাড়বে না—এমন কথা স্পষ্টভাবে বলা হলেও বিইআরসি গণশুনানি ছাড়াই বিদ্যুতের খুচরা মূল্য ১৫ শতাংশ বাড়িয়েছে। সংস্থাটি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।