বিদ্যুতের দাম বৃদ্ধি চায় না বিজিএমইএ
কৃষি ও সেচের মতো রপ্তানিমুখী তৈরি পোশাক খাতকেও বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতামুক্ত রাখতে সরকারকে অনুরোধ করেছে তৈরি পোশাক কারখানা মালিকদের সমিতি বিজিএমইএ।
সংগঠনটি বলেছে, বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি পোশাক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাবে।
বিজিএমইএ থেকে গতকাল রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
পোশাক মালিকদের সংগঠনটি বলছে, বর্তমান সময়ে বিভিন্ন কারণে স্থানীয় পর্যায়ে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ। অন্যদিকে টাকার বিপরীতে ডলারের মূল্য ৮ শতাংশের বেশি কমেছে। আবার গত বছর শ্রমিকদের মজুরি ৭৬ দশমিক ৬৭ শতাংশ বাড়ানো হয়েছে।
এ ছাড়া তাজরীন ও রানা প্লাজার ঘটনার পর থেকে পোশাক খাতের উদ্যোক্তারা দেশীয় ও আন্তর্জাতিক চাপে আছেন। সে কারণে শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। এসব কারণে পোশাকশিল্প এখন কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে আছে। উৎপাদন ব্যয় বহু গুণ বাড়লেও ক্রেতারা সে অনুযায়ী পণ্যের মূল্য বাড়াচ্ছেন না।