বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, ক্রমান্বয়ে কমানোর দাবি ক্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ও ভোক্তা-স্বার্থ নিয়ে সংবাদ সম্মেলন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ছবি: রাজীব আহমেদ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ও ভোক্তা-স্বার্থ নিয়ে সংবাদ সম্মেলন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ছবি: রাজীব আহমেদ।

বিদ্যুতের দাম বাড়ানো উচিত হবে না; বরং তা ক্রমান্বয়ে কমানোর দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। এ জন্য বড় বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে দ্রুত উৎপাদন খরচ কমিয়ে আনার ও কুইক রেন্টালগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ও ভোক্তা-স্বার্থ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্যাবের সভাপতি।

আগামী অর্থবছরে ভ্যাট আইনের পরিপূর্ণ বাস্তবায়ন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে অনেক ব্যবসায়ী মনে করেন ভ্যাট আইন কার্যকর হলে উৎপাদন ও বিপণন প্রতিটি ভাগে ১৫ শতাংশ ভ্যাট আদায় হবে। এমনটা হলে তা যুক্তিসংগত নয় বলে মনে করে ক্যাব। এতে মূল্যস্ফীতি বাড়বে। এনবিআরের এ বিষয়টি অবিলম্বে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। ক্যাবের মতে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য নিরুৎসাহিত করতে সেগুলোর ওপর বর্ধিত হারে করারোপ করা যেতে পারে।

এ বিষয়ে গোলাম রহমান বলেন, ভ্যাটের হার সহনীয় রাখতে হবে। অনেক ব্যবসায়ীর ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেয় না। সেগুলোর সঠিক সমন্বয় করলে রাজস্বের পরিমাণ বাড়বে। এনবিআর করদাতার সংখ্যা বাড়ানোর জন্য অনেক উদ্যোগ নিয়েছে। এই প্রচেষ্টা আরও বাড়ানো উচিত। তবে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় ভোক্তার স্বার্থেই করযোগ্য আয়ের সীমা ন্যূনতম তিন লাখ টাকা নির্ধারণ সমীচীন বলে মনে করেন তিনি।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সাধারণ ভোক্তাদের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বাড়তি কোনো শুল্ক আরোপ করা হবে না বলে আশাবাদ ব্যক্ত করে ক্যাব।

সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো যুক্তিযুক্ত নয়। ক্যাবের মতামত উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ানোর বিপক্ষে তাঁরা আদালতে রিট করেছেন। আদালতের ফয়সালা অনুযায়ী সুফল আসবে বলে আশা করছেন তিনি।

শামসুল আলম বলেন, বিদ্যুৎ খাতে ঘাটতি দেখা যাচ্ছে। অথচ বিপরীতে কোম্পানিগুলো ১০০-২০০ কোটি টাকা মুনাফা দেখিয়ে নিজেরা বেতন বাড়িয়ে নিচ্ছে। বোনাস ও ভাতা নিচ্ছে। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সম্প্রতি সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্য দুই দফায় গড়ে প্রায় ২৩ শতাংশ বৃদ্ধির আদেশ দিয়েছে। ক্যাবের বিবেচনায় বিইআরসির এই আদেশ বেআইনি, অন্যায্য ও অযৌক্তিক। এ আদেশের বিরুদ্ধে ক্যাব উচ্চ আদালতে রিট আবেদন করেছে। আদালত শুনানি শেষে এই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ জারিসহ দ্বিতীয় সফা মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ভূঁইয়া।