বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি ইএবির
আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।ইএবি থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার তিন বছরে সাতবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। গতকাল নতুন করে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো উদ্যোক্তাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। এতে রপ্তানি-বাণিজ্য তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্বল অবকাঠামোর কারণে দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তারা এ দেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। স্বল্পমূল্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, সরকারের রপ্তানিবান্ধব নীতি-নির্ধারণ ছাড়া এ খাতের আশানুরূপ সাফল্য সম্ভব নয়। ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং দুর্বল অবকাঠামো, অপর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের অভাবে রপ্তানিমুখী শিল্প খাতের উদ্যোক্তাদের সক্ষমতা অনেক কমেছে।ইএবি বলছে, জুলাই মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি খুব বেশি হয়নি। আন্তর্জাতিক বাজারেও দেশের রপ্তানিকারকদের কঠিন প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। অধিক বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বাড়ানো এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের বিকল্প নেই।