বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে আলুর দামও বাড়বে
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কৃষিভিত্তিক হিমাগার খাতের ওপর বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।হিমাগার সমিতির নেতারা বলছেন, বিদ্যুতের মূল্য আরেক দফা বাড়ানো হলে হিমাগার পরিচালন ব্যয় ও আলু সংরক্ষণ ভাড়াও বেড়ে যাবে। এতে আলুর দাম আরও বাড়বে।বর্তমানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকায়, যা এক বছর আগে ছিল ১০ থেকে ১২ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই এক বছরে আলুর দাম প্রায় ১০০ শতাংশ বাড়ার কথা বলা হয়েছে।কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বিদ্যুতের মূল্য ৫০ থেকে ৫৭ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করা হয়। সমিতি বলছে, চলতি মৌসুমে উৎপাদিত প্রায় ৪০ লাখ টন আলু ও বীজ আলু হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। কেজিপ্রতি আলুর পাইকারি মূল্য ১৯ থেকে ২০ টাকা। এই অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হলে পরিচালন ব্যয় পুষিয়ে নিতে হিমাগারের ভাড়া বাড়ানো হবে। এতে আলুর দামে প্রভাব পড়বে।মো. জসীম উদ্দীন গতকাল প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। বন্যার সময় এমনিতেই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এই অবস্থায় যদি বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হয়, তাতে অন্যান্য নিত্যপণ্যের মতো আলুর দামও বাড়বে।