বিদ্যুত্ বিভাগ এডিপি বরাদ্দের প্রায় শতভাগ ব্যয় করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত ২০১১-১২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছিল বিদ্যুত্ বিভাগ। মোট ৫২টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল সাত হাজার ১৮৫ কোটি ৮০ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, অর্থবছর শেষে এই বিভাগটি তাদের বরাদ্দের প্রায় শতভাগ খরচ করতে পেরেছে। বছর শেষে খরচ হয়েছে সাত হাজার ১৫৭ কোটি ৩৭ লাখ টাকা। প্রসঙ্গত, এডিপির মোট ১৭ শতাংশ অর্থ বরাদ্দ ছিল এই বিভাগের প্রকল্পগুলোর অনুকূলে। এই বিভাগের ৩৪টি প্রকল্প ছিল বিদেশি সহায়তাপুষ্ট। আর এসব প্রকল্পে দাতাদের কাছ থেকে পাওয়া গেছে দুই হাজার ৪৮৩ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে দুই হাজার ৫৬৬ কোটি টাকা বা ১০৩ শতাংশ। এ ছাড়া স্থানীয় মুদ্রায় অর্থ জোগান দেওয়া হয়েছে চার হাজার ৭০২ কোটি টাকা। আর বছর শেষে খরচ চার হাজার ৫৮৮ কোটি টাকা বা ৯৮ শতাংশ।তবে এডিপির প্রকৃত ব্যয়ের হিসাবটি সংশোধিত বরাদ্দের বিপরীতে নির্ণীত হয়েছে। গত অর্থবছরে মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯২ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। এ হার বিগত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। গত অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৪১ হাজার ৮০ কোটি টাকা। আর বছর শেষে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা খরচ হয়েছে।