বিদ্যুৎ, বাজেট ঘাটতি ও লেনদেনের ভারসাম্যে সহায়তা চান অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন, বাজেট ঘাটতি এবং লেনদেনের ভারসাম্য মেটাতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব সহায়তা চান বাংলাদেশের অর্থমন্ত্রী।সভায় বাংলাদেশ কেন এসব খাতে সহায়তা পেতে পারে, সে বিষয়ে নানা যুক্তিও তুলে ধরেছেন অর্থমন্ত্রী। এ সময় তিনি ১৩ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য দেন, যা আইএমএফের ওয়েবসাইটে গত সোমবার প্রকাশ করা হয়।অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ভালো, তবে অভ্যন্তরীণ বাজার বিস্তৃত হওয়ায় কৃষি খাতে আরও ভালো প্রবৃদ্ধির দরকার। জ্বালানি-সংকট থাকা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতিবছরই ৬ শতাংশের ওপরে থাকছে।অর্থমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ, আর ২০১১-১২ অর্থবছরের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা প্রক্ষেপণ করা হয়েছে ৭ শতাংশ।এসব ইতিবাচক সূচকের কারণে বাজেট-সহায়তা পাওয়ার ব্যাপারে বাংলাদেশের দাবিটি অত্যন্ত ন্যায্য বলেই মনে করেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। দেশের এক-তৃতীয়াংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তবে চলতি অর্থবছরের বাজেট বরাদ্দের ৫৩ দশমিক ১২ শতাংশ অর্থই দারিদ্র্য বিমোচনে ব্যয় হবে। এই অর্থের পরিমাণ জিডিপির ৯ দশমিক ৬৬ শতাংশ।খাদ্য পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম অনেক বেড়েছে। বাংলাদেশে বেড়েছে ২৬ শতাংশ। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর অনুষ্ঠিত লা’কুইলা শীর্ষ সম্মেলনে দুই হাজার কোটি ডলারের বৈশ্বিক কৃষি ও খাদ্যনিরাপত্তা তহবিলের (জিএএফএস) ঘোষণা দিয়েছিলেন। ওবামা বলেছিলেন, গত ৩০ বছরে বিশ্বে কৃষি খাতে বিনিয়োগ কম হয়েছে। এ ঘোষণা অত্যন্ত সময়োচিত ছিল। বিশ্বব্যাংকের মাধ্যমে একটি ট্রাস্ট তহবিল থেকে অনুদান পেয়ে বাংলাদেশ শিগগির এ ব্যাপারে লাভবান হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, বিশ্বের উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন কম হওয়ায় দেশগুলো চাল রপ্তানি বন্ধ রেখেছে; বাংলাদেশসহ চাল আমদানিকারক প্রধান দেশগুলোর জন্য যা খুবই দুশ্চিন্তার কারণ।অর্থমন্ত্রী বলেন, সরকারের শীর্ষ পর্যায়ে দুর্নীতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত এত দিন অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এরই মধ্যে ভাড়াভিত্তিক কিছু দ্রুত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপিত হয়েছে। এতে পরিস্থিতির উন্নতি হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।দেশের উত্তরাঞ্চলে কয়লাভিত্তিক এক হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের বড় আকারের বিদ্যুৎ প্রকল্প স্থাপন কারিগরিভাবে উপযুক্ত বলে বক্তব্যে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় এ ধরনের প্রকল্পে অর্থসহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। গ্যাসভিত্তিক প্রকল্পের চেয়ে কয়লাভিত্তিক প্রকল্পে পরিবেশদূষণের মাত্রা তুলনামূলক কম। আর তাই বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার ব্যাপক ঘাটতিতে থাকা বাংলাদেশও কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিশ্বব্যাংক থেকে সহায়তা প্রত্যাশী হন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করবে। এতে এ অঞ্চলের দারিদ্র্যের হার ১ শতাংশ কমবে, আর জিডিপির হার বাড়বে ১ দশমিক ৭ শতাংশ। তবে এই সেতু জাতীয়ভাবে দারিদ্র্যের হার কমাবে দশমিক ৮ শতাংশ, আর জিডিপির হার বাড়াবে দশমিক ৫৬ শতাংশ।বক্তব্যে চলতি অর্থবছরের বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ভর্তুকির জন্য ১২০ কোটি ডলার বরাদ্দ রাখার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী।প্রতিবছর ১৮ লাখ মানুষের শ্রমবাজারে প্রবেশ করার কথা জানিয়ে অর্থমন্ত্রী একে ‘চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করেছেন। এ ছাড়া বাজেট ঘাটতি ৫ শতাংশে সীমিত রাখার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী সড়ক ও রেল যোগাযোগ খাতে বিশ্বব্যাংক ও আইএমএফের বিনিয়োগ প্রত্যাশা করেন।