বিদ্যুৎ আমদানির যন্ত্রপাতি এসেছে ত্রিপুরা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ আমদানির কাজে ব্যবহারের জন্য ভারতের পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য থেকে যন্ত্রপাতি আনা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে গতকাল রোববার এসব যন্ত্রপাতি খালাস করে কুমিল্লায় নেওয়া হয়েছে। প্রায় ৩০ লাখ টাকা মূল্যের এসব যন্ত্রপাতি আমদানি পর্যায়ে শুল্ক-কর হিসেবে প্রায় ১২ লাখ টাকা পেয়েছে শুল্ক বিভাগ।
ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। অবশ্য পালাটানা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় বাংলাদেশের নদী ও সড়কপথ ব্যবহার করে কলকাতা থেকে আগরতলায় ভারী যন্ত্রপাতি নেওয়া হয়েছে। মানবিক কারণে এ বিশেষ সুবিধা দিয়েছিল বাংলাদেশ। তখনই সেই পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি নিয়ে কথা শুরু হয়।
২৪ ডিসেম্বর যন্ত্রপাতি বহনকারী একটি ট্রাক ভারতের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে আগরতলা হয়ে আখাউড়া স্থলবন্দরে পৌঁছে। পরে ঢাকা থেকে ক্রেন এনে যন্ত্রপাতিগুলো ভারতের ট্রাক থেকে নামিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নিজস্ব ট্রাকে তোলা হয়। এসব যন্ত্রপাতি আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহনের অনুমতি না থাকায় পিজিসিবি কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব যন্ত্রপাতি পরিবহনের অনুমিত নেয়। গতকাল বেলা তিনটার দিকে পিজিসিবির ওই ট্রাক আখাউড়া স্থলবন্দর থেকে যন্ত্রপাতিগুলো নিয়ে কুমিল্লার জাঙ্গালিয়ার উদ্দেশে রওনা করে।
শুল্ক বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে যন্ত্রপাতি পরিবহনের জন্য সরকার ১২ লাখ ১৩ হাজার ৪৩৭ টাকা পেয়েছে।