বিদ্যুৎ উপকেন্দ্রের জন্য জমি দিল প্রাইম গ্রুপ
নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে (ডিপিডিসি) বিনা মূল্যে ১৭ দশমিক ৭১ কাঠা জমি দিয়েছে প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম গ্রুপের চেয়ারম্যান এম এ আউয়াল ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসানের কাছে ওই জমির দলিল হস্তান্তর করেন। নন্দলালপুর এলাকায় প্রাইম গ্রুপসহ সব শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের জন্য ডিপিডিসির সঙ্গে প্রাইম গ্রুপ চুক্তি করেছে বলে জানান এম এ আউয়াল। চুক্তি অনুযায়ী, ডিপিডিসি প্রথম পর্যায়ে ৩৩/১১ কেভি গ্রিড স্থাপনের মাধ্যমে ৩০ মেগাওয়াট এবং দ্বিতীয় পর্যায়ে ১৩২/৩৩/১১ কেভি গ্রিড স্থাপন করে আরও প্রায় ৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। এতে এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় বিদ্যুৎ পাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিপিডিসির এমডি নজরুল হাসান, নির্বাহী পরিচালক রমিজ উদ্দিন, হারুন-উর-রশীদ, গোলাম মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি