বিদ্যুৎ উৎপাদনে দেশি কয়লা ব্যবহারের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এ জন্য দ্রুত কয়লানীতি চূড়ান্ত করা প্রয়োজন বলেও উল্লেখ করেছে সংগঠনটি।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এমসিসিআইয়ের প্রতিনিধিদল তাঁকে এই অনুরোধ জানায়। এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠকে এমসিসিআই বলেছে, যেসব দেশের কয়লা মজুদ আছে, তারা বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার করে। এ দেশেও কয়লার মজুদ বেশ ভালো। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও পরিবেশগত সুরক্ষার নিশ্চয়তা বিধান করার পর কয়লা আহরণ শুরু হওয়া প্রয়োজন।বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানি করা কয়লার ওপর নির্ভর করলে দেশের জ্বালানি নিরাপত্তা বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীল হয়ে পড়বে এবং ব্যয় অনেক বেশি হবে বলেও এমসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়।এমসিসিআই কিছুসংখ্যক ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রশংসা করে।বৈঠকে এমসিসিআই আরও বলেছে, বর্তমানে রপ্তানিমুখী শিল্পগুলো ক্যাপটিভ বিদ্যুৎ জেনারেটর স্থাপনের ক্ষেত্রে যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। একই সুবিধা দেশের অন্যান্য শিল্প-কারখানায় দেওয়া উচিত। এসব শিল্প-কারখানাকে লাইসেন্স ফি থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নীতিমালা স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক বিনিয়োগ আকর্ষণ করার জন্য খুবই সম্ভাবনাময় উল্লেখ করে এমসিসিআই পিপিপি কার্যক্রম নির্বাহী আদেশের পরিবর্তে আইন দিয়ে পরিচালনা করার সুপারিশ করেছে।দেশের প্রভাবশালী এ চেম্বারটি শিল্পায়নের তাগিদে শ্রমবাজারে যথোপযুক্ত সংস্কারের এবং শ্রমসংগঠনগুলোকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধের সুপারিশ করেছে।জাতীয় ন্যূনতম মজুরির বিরোধিতা করে এমসিসিআই আরও বলেছে, মজুরি বরং উৎপাদনশীলতার সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত।এমসিসিআই দেশের পুঁজিবাজারের সংস্কারের সুপারিশ করে বলেছে, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ যেমন মূল্যবান প্রাথমিক সহায়তা দেয়, তেমনি উন্নত পুঁজিবাজার মূলধন সংগ্রহে আরও একটি গুরুত্বপূর্ণ উপায়। ব্যবসায়ী সংগঠনটির মতে, নয় হাজার ৯০০ কোটি ডলারের অর্থনীতি ও প্রায় ৭৮০ ডলারের মাথাপিছু আয়ের বাংলাদেশে একটি দক্ষ পুঁজিবাজার গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।এমসিসিআই আরও বলেছে, নীতি ঘন ঘন পরিবর্তন ও নিয়ন্ত্রক কর্তৃক অপেশাজীবীসুলভ পরিচালনা বাজার-পরিস্থিতিতে সাম্প্রতিক বিপর্যয় সৃষ্টি করেছে। তাই বাজার নিয়ন্ত্রণে নীতিমালা পেশাজীবীসুলভ মনোভাব নিয়ে করা উচিত উল্লেখ করে এমসিসিআই যথাযথ তদন্ত করে সাধারণ বিনিয়োগকারীদের জানিয়ে চূড়ান্ত দোষীদের শাস্তি দেওয়ার প্রস্তাব করেছে।বাংলাদেশ থেকে বিদেশে পুঁজি বিনিয়োগের বিরুদ্ধে বর্তমান বাধানিষেধগুলো শিথিল করার সুপারিশ করেছে এমসিসিআই। তারা বলেছে, আন্তর্জাতিক বাজারে বিনিয়োগের সুযোগ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একান্ত প্রয়োজন। বিশেষত বিদেশে বাংলাদেশি পণ্য প্রসারের জন্য চলতি হিসাবগুলোতে বিদেশি মুদ্রা স্থানান্তরের ওপর বিদ্যমান বাধানিষেধ আরও শিথিল করা উচিত। তাহলে উন্নত বিশ্বের জন্য তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশ কাজ করতে পারবে।দেশের শিল্পগুলোর উন্নয়নে সড়ক, বন্দর, রেলওয়ে, বিমানবন্দরসহ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে এমসিসিআই প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি সুপারিশ তুলে ধরে। এতে প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের নির্মাণকাজ যথাসময়ে শেষ করার এবং তা না হলে দায়ী ব্যক্তিদের শাস্তির বিধান রাখার সুপারিশ করা হয়েছে।পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্নের পরিষ্কার সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব করেছে এমসিসিআই। আর পদ্মা সেতু থেকে বাড়তি আয়-সুবিধা পাওয়ার জন্য মংলা বন্দরকে যথাযথ উন্নয়ন প্রকল্পের আওতায় আনা উচিত বলে মনে করে সংগঠনটি।সর্বোপরি বাংলাদেশকে একটা আঞ্চলিক যোগাযোগের প্রাণকেন্দ্রে পরিণত করতে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণের সুপারিশ করে এমসিসিআই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের চুক্তি স্বাক্ষরের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।এমসিসিআই আরও বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। সময়ে সময়ে কিছু নিয়ন্ত্রণে থাকলেও আশানুরূপ উন্নতি হয়নি। ছিনতাই, ডাকাতি ও চাঁদা আদায় ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে উদ্বেগ সৃষ্টি করেছে।এ রকম পরিস্থিতি সরকারের ভাবমূর্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করে দিতে পারে এবং রপ্তানি প্রবৃদ্ধিতে বিঘ্ন ঘটাতে পারে উল্লেখ করে এমসিসিআইয়ের নেতারা জনগণের নিরাপত্তা উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন।সাক্ষাৎকালে এমসিসিআইয়ের নেতারা গত দুই বছরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সাফল্যের প্রশংসা করেন। এ সময় নেতারা বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকারের সঙ্গে কাজ করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিন্ন লক্ষ্যসমূহ অর্জনের জন্য সরকারকে সব ধরনের সহায়তা দিতে এমসিসিআই প্রস্তুত রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।