বিদ্যুৎ উৎপাদনে নিজস্ব গ্যাস ও কয়লাই হচ্ছে উত্তম জ্বালানি
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) সরকারকে নিজস্ব গ্যাস ও কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দিয়েছে।আইসিসিবির নিউজ বুলেটিনের সম্পাদকীয়তে গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের এ পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, গ্যাস হচ্ছে বাংলাদেশের জন্য আদর্শ জ্বালানি। অন্য বিকল্প ও সবচেয়ে সস্তা জ্বালানি হলো কয়লা।শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সংগঠনটির মতে, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে জরুরিভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে শিল্পকারখানাগুলোতে সংযোগ দেওয়া যায়। আইসিসিবি বলেছে, এখন পর্যন্ত দেশে পাঁচটি কয়লাখনিতে বছরে দুই হাজার ৮০০ মিলিয়ন মেট্রিক টন উত্তোলনযোগ্য উচ্চ মানসম্পন্ন কয়লার সন্ধান পাওয়া গেছে। যদি আধুনিক কলাকৌশল ব্যবহার করে এ কয়লা তোলা যায়, তাহলে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা যাবে।প্রাপ্ত পরিসংখ্যান তুলে ধরে আইসিসিবি বলেছে, বর্তমান সরকার তিন বছরের বেশি সময়ে তিন হাজার ১৬১ মেগাওয়াট বিদ্যুৎ স্থাপনা দিতে সক্ষম হয়েছে। যদিও প্রকৃত অর্থে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এক হাজার ৯৩৬ মেগাওয়াট। কিন্তু চাহিদা ও সরবরাহের ব্যবধান বেড়ে ৪৭০ মেগাওয়াট থেকে এক হাজার ৪৫২ মেগাওয়াট হয়েছে। বিদ্যুৎ খাতের সংকটাপন্ন অবস্থা মোকাবিলায় সরকার দ্রুত ভাড়া বিদ্যুৎকেন্দ্র, তড়িৎ ভাড়া বিদ্যুৎকেন্দ্র ও পিক সময়ের প্ল্যান্ট ইত্যাদি পদক্ষেপ নিলেও এগুলো থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।আইসিসিবি মনে করে, বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে, তার ৬০ শতাংশ পাওয়া যেতে পারে স্থানীয় কয়লাভিত্তিক প্রকল্প স্থাপনের মাধ্যমে। এ ক্ষেত্রে সংগঠনটি বিভিন্ন দেশের পরিসংখ্যান দিয়ে জানায়, কয়লা ব্যবহার করে ভারত ৬৪ শতাংশ, চীন ৮১ শতাংশ, অস্ট্রেলিয়া ৭৬ শতাংশ, যুক্তরাষ্ট্র ৪৯ শতাংশ ও দক্ষিণ আফ্রিকা ৯৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে।