বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস চান শিল্পমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিল্প কারখানায় গ্যাসভিত্তিক ক্যাপটিভ জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাটি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বস্ত্রকল ও পোশাকশিল্পের মালিকেরা। বর্তমানে সরকার এ খাতে নতুন করে গ্যাসের সংযোগ দিচ্ছে না। শিল্পমালিকেরা বলছেন, যত দিন শিল্পে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে না, তত দিন ক্যাপটিভ জেনারেটরের জন্য গ্যাস দরকার। পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ আয়োজিত ‘জ্বালানি সক্ষমতা ও বস্ত্র খাত: অর্থনীতির প্রাণ’ শীর্ষক এক সেমিনারে শিল্পমালিকেরা এ দাবি জানান। তাঁরা বলছেন, দেশে গ্যাসের সংকট আছে। তাই এখন বাসাবাড়ি ও সার কারখানায় গ্যাস দেওয়া মানে হচ্ছে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ। এটি অযৌক্তিক। গ্যাস সরবরাহের ক্ষেত্রে শিল্পকারখানাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।
সেমিনারে বিটিএমএর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী বলেন, ৮ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করে ২৮টি বস্ত্রকল স্থাপন করা হয়েছে। কিন্তু গ্যাসের সংযোগ বন্ধ থাকায় এসব কারখানা উৎপাদনে যেতে পারছে না। অথচ মিলগুলো উৎপাদনে যেতে পারলে তাতে দেড় লাখ মানুষের কর্মসংস্থান হতো।
তপন চৌধুরী অভিযোগ করেন, সরকার সম্প্রতি ক্যাপটিভের জন্য ব্যবহৃত গ্যাসের দাম ১০০ শতাংশ বৃদ্ধি করেছে। এর ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে, যার কারণে বস্ত্র খাতে প্রতিযোগিতা সক্ষমতা কমেছে। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে বাজার হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘জ্বালানিতে এক-দুই বছরের মধ্যে উন্নতির সম্ভাবনা কম। তবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। দুই বছর পর ৫০০ ঘনফুট এলএনজি পাইপলাইনে যুক্ত হবে। তত দিন পর্যন্ত আপনারা কোমর বেঁধে থাকুন।’ এ সময় তিনি বিকল্প ব্যবস্থা হিসেবে ডিজেল আমদানি করে ক্যাপটিভ জেনারেটর চালানোর জন্য শিল্পমালিকদের পরামর্শ দেন। সে জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলেও আশ্বাস দেন।
তবে সেমিনারে উপস্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম বলেন, গ্যাসের দাম বাড়ার বিষয়টি ব্যবসায়ীদের মেনে নিতে হবে। কারণ সরকার ভবিষ্যতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে জ্বালানি চাহিদা মেটানোর পরিকল্পনা করছে। যদি সেটি হয়, তখন গ্যাসের দাম আরও বাড়বে। কারখানার উৎপাদন দক্ষতা বাড়িয়ে গ্যাসের বাড়তি দাম সমন্বয়ের জন্য তিনি ব্যবসায়ীদের পরামর্শ দেন। গতকালের সেমিনারে তিনি ছিলেন মূল প্রবন্ধ উপস্থাপক।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান বলেন, ‘২০১০ সালের পর ক্যাপটিভ জেনারেটরের গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তবে ক্যাপটিভ ব্যবহারকারী কারখানার নিরীক্ষা প্রতিবেদন আমরা দেখেছি। ক্যাপটিভের গ্যাসের জন্য তাদের বার্ষিক লেনদেনের মাত্র ১ শতাংশ ব্যয় হয়। একটি-দুটি কারখানার ক্ষেত্রে ১ শতাংশের বেশি। এ অবস্থায় যথাযথ ব্যবসায়ীদের যুক্তিসংগত দাবি তুলে ধরতে পারলে গ্যাসের দাম কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’
জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, এখন সিএনজি স্টেশন থেকে সরকারের গ্যাস ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম। দেশেও দাম কমিয়ে আনলে যাঁরা সিএনজি ব্যবহার করেন, তাঁরা পেট্রল-অকটেনে ফেরত যাবেন। এ সময় তিনি সরকারকে জ্বালানি ব্যবসা থেকে সরে আসারও পরামর্শ দেন।
ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘ডিজেল দিয়ে ক্যাপটিভ জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমরা মারা যাব।’ তিনি তৌফিক-ই-ইলাহীকে উদ্দেশ করে বলেন, ‘কোন বাস্তবতায় বলছেন, দুই বছর পরই আমরা গ্যাস পাব?’ তাঁর এই প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘দুই বছর পর এলএনজি আসবে। আপনারা আশ্বস্ত থাকুন।’
সেমিনারে আরও বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মহাসচিব শামসুল আলম, বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। বিটিএমএর পরিচালক আজিজুর রহিম চৌধুরী ও রাজীব হায়দার সেমিনারে যৌথভাবে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।