বিদ্যুৎ ও কৃষিপ্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগ করতে চায় এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এলজি করপোরেশন বাংলাদেশে বিদ্যুৎ, খনিজ সম্পদ ও কৃষিপ্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগ করতে চায়। প্রতিষ্ঠানটির একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফরকালে তাদের আগ্রহের কথা জানায়।প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এলজি করপোরেশনের এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সং চি হো এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইন কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক লি হুন জ্যা। তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।মন্ত্রীরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ যেসব সুবিধা ও প্রণোদনা দিচ্ছে, সেগুলো সম্পর্কে এলজি করপোরেশনের সফররত প্রতিনিধিদলকে অবহিত করেন। এ ছাড়া তাঁরা এলজি করপোরেশন এ দেশে কোনো বিনিয়োগ প্রকল্প নিয়ে এলে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।অন্যদিকে, প্রতিনিধিদলটি আঞ্চলিক প্রেক্ষিতে বাংলাদেশের স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করে এবং তা অব্যাহত রাখার বিষয়ে জোর দেয়, যাতে বাংলাদেশ আরও উন্নয়ন ঘটিয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারে।বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে এলজি করপোরেশনের কার্যালয় রয়েছে। বিজ্ঞপ্তি।