বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রাধান্য লেনদেনে
শেয়ারবাজারের লেনদেনে নেতৃত্ব নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবারও এ নেতৃত্ব বহাল ছিল খাতটির। ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১৭ শতাংশই ছিল এককভাবে এ খাতের।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দাপুটে এ অবস্থানের মধ্যেও গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থেকে সূচকের এ পতন ঘটেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬ পয়েন্টে। বুধবার ঢাকার বাজারে সূচক ২৪ পয়েন্ট কমেছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৪০ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ২৫৭ পয়েন্টে। বুধবার সিএসইর সার্বিক সূচকটি ৯৭ পয়েন্ট কমেছিল। তবে দুই বাজারে গতকাল লেনদেন বেড়েছে।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েক দিন ধরে লেনদেনে যে আধিপত্য ধরে রেখেছে, তা মূলত একক কোম্পানির দাপটে। গত রোববার থেকে বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার লেনদেন ও মূল্যবৃদ্ধিতে একক আধিপত্য বিস্তার করেছে। ওই দিন থেকে কোম্পানিটির শেয়ারের দামের উল্লম্ফন দেখা দেয়, যা সপ্তাহের শেষ কার্যদিবসেও অব্যাহত ছিল।
ডিএসইতে গতকাল বৃহস্পতিবারও ডরিন পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ৯ টাকা ৭০ পয়সা বা প্রায় সাড়ে ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকায়। রবি থেকে বৃহস্পতিবার—এ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪৩ টাকা বেড়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৮১ টাকা। গতকাল দিন শেষে যা উঠেছে সোয়া এক শ টাকায়। গত এপ্রিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম এটি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টের গতকালের বাজার বিশ্লেষণ-বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ডিএসইর মোট লেনদেনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে অবদান ছিল (সাড়ে ১৭ শতাংশ) তার ৭ শতাংশই ছিল ডরিন পাওয়ারের। অর্থাৎ ডিএসইর গতকালের মোট লেনদেনের ৭ শতাংশ এককভাবে দখলে ছিল কোম্পানিটির। দিন শেষে ঢাকার বাজারে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা।
মূলত লভ্যাংশ ঘোষণা ও প্রান্তিক আয়ের হিসাব প্রকাশকে কেন্দ্র করে ডরিন পাওয়ারের শেয়ারের দামের উল্লম্ফন শুরু হয়। সপ্তাহজুড়েই চলে তা। বাজার বিশ্লেষকেরা দামের এই একটানা উল্লম্ফনকে অস্বাভাবিক বলেই মনে করছেন।
দুই বাজারে গতকাল লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৭টিরই দাম কমেছে, বেড়েছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬০৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টিরই দাম কমেছে, বেড়েছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ২৬টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, গত দুদিনে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এর আগে কয়েক দিনে শেয়ারের দাম বেড়েছে। তাতে কারও কারও মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। আবার লেনদেনেও বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি। তাই এ মূল্য সংশোধনকে বাজারের স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখছেন শাকিল রিজভী।