বিদ্যুৎ খাত, এডিপি বাস্তবায়ন ও শুল্ককাঠামোর জন্য রূপরেখা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও বন্ধ হওয়া কিংবা মেয়াদোত্তীর্ণ বিদ্যুৎকেন্দ্র চালু করা কিংবা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকা প্রয়োজন বলে মনে করে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এফবিসিসিআই আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (এডিপি) লক্ষ্যমাত্রা সংশোধিত বাজেটের অতিরিক্ত ২০ শতাংশের মধ্যে নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্পে অন্তত ৩০ শতাংশ বৈদেশিক সহায়তার ব্যবহার বাধ্যতামূলক করারও প্রস্তাব করেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বরাবর এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সই করা একটি ডিওলেটারে আগামী বাজেটে এসব বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা রাখার প্রস্তাব করা হয়।‘২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট-পূর্ব এফসিসিআইয়ের বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব’ শীর্ষক চিঠিটি রোববার মন্ত্রী ও উপদেষ্টার কাছে পাঠানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছেও চিঠির একটি অনুলিপি দেওয়া হয়।বিদ্যুৎ খাতে প্রস্তাব: চিঠিতে বলা হয়েছে, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি (৭ দশমিক ৩ শতাংশ) অর্জন করতে হলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুতের প্রয়োজন হবে। এর সঙ্গে নতুন শিল্পে বিদ্যুৎ সংযোগ, বিদ্যমান শিল্প-কারখানায় তিন শিফটে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা এবং আবাসন প্রকল্পগুলোতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে হবে।এফবিসিসিআই মনে করে, বন্ধ হয়ে যাওয়া কিংবা মেয়াদোত্তীর্ণ সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্ব—পিপিপির (৫১ শতাংশ সরকারি ও ৪৯ শতাংশ বেসরকারি) আওতায় আধুনিক জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি স্থাপন ও বিএমআরইয়ের মাধ্যমে পুনরায় চালু করতে হবে। এ ছাড়া জরুরিভিত্তিতে পিপিপির আওতায় কয়লাখনিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি: এফবিসিসিআই বার্ষিক উন্নয়ন প্রকল্পে অন্তত ৩০ শতাংশ বৈদেশিক সহায়তা ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। এটা করা গেলে সরকারকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে হবে না, বৈদেশিক সহায়তায় পাওয়া অর্থ সুষ্ঠুভাবে কাজে লাগানো যাবে এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে না বলেও মনে করে এফবিসিসিআই। এ ছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার সীমা নির্ধারণে বিশেষভাবে সংযমী হতে হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।শুল্ক ও করকাঠামো: দক্ষ ও অদক্ষ শ্রমনির্ভর এবং স্বল্প জ্বালানিভিত্তিক শিল্প কিংবা বিনিয়োগ খাতকে সরকারের বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে এফবিসিসিআই। একই সঙ্গে গ্রামীণ ও অনুন্নত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডকে জোরদার করতে বিশেষ রেয়াতি শুল্ক ও করকাঠামো নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি।চিঠিতে আয়কর, আমদানিশুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে কিছু প্রস্তাবও তুলে ধরা হয়েছে। আমদানিশুল্ক প্রস্তাবে আছে, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর শুল্কহার তিন থেকে কমিয়ে এক শতাংশ করা, তৈরি পণ্যের শুল্ক ২৫ শতাংশ অপরিবর্তিত রাখা, বিদ্যমান সম্পূরক শুল্ক এবং পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক অব্যাহত রাখা; স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও আমদানিপণ্যের শুল্কপার্থক্য ৩০ শতাংশ করার ওপর জোর দেওয়া হয়েছে। মূসক-সংক্রান্ত প্রস্তাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর (দোকানদারসহ) বার্ষিক লেনদেন ৬০ লাখ টাকা পর্যন্ত মূসকের আওতামুক্ত রাখা ও লেনদেন ৬০ লাখ থেকে দুই কোটি টাকা হলে দুই শতাংশ এবং দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত হলে তিন শতাংশ হারে টার্নওভার ট্যাক্স ধার্য করা; বিনিয়োগে উৎসাহী করতে উৎপাদন স্তরে সব উৎপাদনশীল খাতে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করার কথা বলা হয়েছে।এ ছাড়া শিল্পের মৌলিক কাঁচামালের ওপর অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার কিংবা কমিয়ে তিন শতাংশ করা; বণিক সমিতিগুলোর আয়কে করের আওতামুক্ত রাখার প্রস্তাব করেছে এফবিসিসিআই।