বিদ্যুৎ খাতে ঋণ দিচ্ছে এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ ৪১৬ মেগাওয়াট ঘোড়াশাল তৃতীয় ইউনিট রিপাওয়ারিং পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে ৩৩ কোটি ৩০ লাখ ডলারের ঋণ দেবে। এ ব্যাপারে এইচএসবিসি সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) সমর্থিত ঋণ-অর্থায়ন চুক্তি সই করেছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিপিডিবি।
বিপিডিবির সচিব মো. জহুরুল হক এবং এইচএসবিসির এশিয়া-প্যাসিফিকের এক্সপোর্ট ফাইন্যান্স বিভাগের প্রধান আর্ন্যড ক্যাসার্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বিপিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়া এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো চুক্তি সম্পর্কে বলেন, ‘এ প্রকল্পটির ঋণ আয়োজনকারী হতে পেরে এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত।’
এইচএসবিসি এই প্রকল্পসহ এ পর্যন্ত বিপিডিবি ও তার সহযোগী কোম্পানিগুলোর জন্য চারটি প্রধান বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১১২ কোটি ডলারের জোগান দিয়েছে। বিজ্ঞপ্তি।